সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে ইংলিশ গানের তালে নেচে দর্শনার্থীদের নজর কাড়লেন ডেনমার্কের এক তরুণী। তাঁর নাচের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ।
জানা গেছে, গতকাল ডেনমার্ক থেকে আসা কয়েকজন তরুণ-তরুণী সুন্দরবন ভ্রমণে যান। তাঁদের ভ্রমণের অন্যতম গন্তব্য ছিল মোংলার করমজল পর্যটনকেন্দ্র। সেখানে ঘুরতে গিয়ে ইংলিশ গানের তালে স্বতঃস্ফূর্তভাবে নাচতে শুরু করেন তাঁদের দলের এক তরুণী।
বিদেশি এই পর্যটকের নাচ দেখতে সেখানে ভিড় জমে যায় অন্য দর্শনার্থীদের। অনেকেই মুহূর্তটি নিজেদের মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা।
সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিদেশি পর্যটকের এমন আনন্দঘন মুহূর্ত স্থানীয় দর্শনার্থীদেরও বাড়তি বিনোদন দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছে করমজল পর্যটনকেন্দ্র।
প্রাকৃতিক সৌন্দর্য, বন্য প্রাণী ও নদ-নদীর অপূর্ব পরিবেশের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবনের করমজল দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/


