ঢাকার ধামরাইয়ে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালা ও ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/


