প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক

আজ ১৫ নভেম্বর ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় জনপদ। প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাস কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৯ বছর। কিন্তু সিডরের সেই ক্ষত এখনো শুকায়নি। স্বজন হারানোর বেদনার পাশাপাশি নতুন করে দুর্যোগের আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। তাঁদের এই আতঙ্কের অন্যতম কারণ দীর্ঘদিনের অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। পাথরঘাটায় রয়েছে প্রায় ১৯ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। 

বিজ্ঞাপন

কোথাও নদীভাঙন, কোথাও বাঁধের দুর্বলতা সব মিলিয়ে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীতীরবর্তী মানুষের মধ্যে। তাঁদের আশঙ্কা, টেকসই বেড়িবাঁধ না থাকলে যেকোনো বড় দুর্যোগে আবারও হারাতে হতে পারে বসতভিটা, ফসলি জমি ও স্বজনদের। তাই অস্থায়ী সংস্কার নয়, উপকূলবাসীর দাবি এখন টেকসই ও মজবুত বেড়িবাঁধ।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ সিডরের তাণ্ডবে পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় অঞ্চল পরিণত হয় ধ্বংসস্তূপে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে পাথরঘাটায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জন মানুষের প্রাণহানি ঘটে। লাশের পর লাশ ছড়িয়ে পড়েছিল উপকূলজুড়ে। অনেক পরিবার হারায় তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অসংখ্য পরিবার। সিডরে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। তাঁদের স্ত্রী-সন্তান ও স্বজনদের অপেক্ষার যেন শেষ নেই। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন আজও নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। নিখোঁজ জেলেদের মৃত্যু সনদ না পাওয়ায় জমিজমা সংক্রান্ত জটিলতা ও সরকারি সহায়তা পেতেও ভোগান্তিতে পড়ছেন অনেক পরিবার।

কোনো পরিবারে বাবা-মায়ের একমাত্র অবলম্বন সন্তান, আবার কোনো পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নিখোঁজ জেলে। তাঁদের হারিয়ে অনেক পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। কোথাও সন্তানের শোকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বাবা, আবার সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যেতে হচ্ছে মাকে।

সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, আমার দুই ভাইসহ ১৭ জন জেলেকে নিয়ে একটি ট্রলার সিডরে নিখোঁজ হয়। আজও তাঁদের কোনো সন্ধান পাইনি। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, কিছুই জানি না।

স্বজন হারানো এসব মানুষের কাছে বেড়িবাঁধ শুধু মাটির একটি প্রতিরক্ষা দেয়াল নয়, এটি তাঁদের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষার শেষ ভরসা। তাঁদের মতে, টেকসই বেড়িবাঁধ থাকলে জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ ও দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাই নতুন করে কোনো দুর্যোগে স্বজন ও সম্পদ হারানোর আগেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, পাথরঘাটায় প্রায় ঝুঁকিপূর্ণ ১৯ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। নদীভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমাদের নজরে রয়েছে। এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার এ পরিকল্পনা অনুমোদন দিলে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতবাড়ি ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।
সিডরের ১৯ বছর পরও পাথরঘাটার মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি স্বজন হারানোর বেদনা আর নতুন করে সব হারানোর আতঙ্কের নাম। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূলবাসীর এখন একটাই দাবি পরবর্তী দুর্যোগের অপেক্ষায় না থেকে দ্রুত ঝুঁকিপূর্ণ ১৯ কিলোমিটার বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও সংস্কার করা হোক। তাঁরা আর স্বজন হারাতে চান না, হারাতে চান না শেষ আশ্রয়টুকুও।

পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন