নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। চোখে ছিল ঘর বাঁধার রঙিন স্বপ্ন। সেই বিশ্বাসের ওপর ভর করেই প্রিয় মানুষটির ডাকে সাড়া দিয়ে গভীর রাতে ঘর ছেড়েছিল নবম শ্রেণির এক কিশোরী (১৫)। কিন্তু তার সেই সরল বিশ্বাস যে এমন ভয়ংকর ও পৈশাচিক ফাঁদে রূপ নেবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি সে। বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পেছনের নির্জন ফসলি জমিতে নিয়ে গিয়ে প্রেমিক ও তার দুই সহযোগী মিলে পালাক্রমে ধর্ষণ করেছে ওই স্কুলছাত্রীকে। শুধু তাই নয়, মুঠোফোনে সেই পৈশাচিকতার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে বাড়ি ফিরতেও নিষেধ করে অভিযুক্তরা।

ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে। লোকলজ্জা ও ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে পরদিন ভোর পর্যন্ত এক বান্ধবীর বাড়ির বারান্দায় লুকিয়ে থেকে অবশেষে পরিবারের কাছে ফেরে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় কিশোরীর কৃষক বাবা বাদী হয়ে শনিবার রাতে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রবিবার (১৫ নভেম্বর) তা নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিবেশী মো. বদরুজ্জামানের ওরফে লিটনের ছেলে মো. শুভ (২৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সম্পর্ক। গত ১৩ নভেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে কিশোরীর বাবা বাড়িতে না থাকার সুযোগে শুভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনে এবং বসতবাড়ির পেছনের কান্দা ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে অটোরিকশা আসার কথা বলে তারা অপেক্ষা করতে থাকে।

কিন্তু শুভর মনে ছিল পূর্বপরিকল্পিত অন্য এক ভয়ংকর ছক। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় শুভর প্রতিবেশী মো. মোখলেছুর রহমানের ছেলে মো. নূরে আলম (৩৩) এবং একই গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)। পরবর্তীতে অটোরিকশা আনার কথা বলে কিশোরীকে নূরে আলমের কাছে রেখে শুভ ও শাহ আলম সেখান থেকে সরে যায়। রাত সাড়ে ১০টার দিকে একা পেয়ে নূরে আলম কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর আত্মচিৎকারে শুভ ও শাহ আলম ফিরে আসে। এ সময় শুভ উল্টো কিশোরীকে দোষারোপ করে বলে, ‘তুই তোর চাচার সাথে খারাপ কাজ করেছিস, আমি তোকে বিয়ে করব না।’

এরপরের ঘটনা আরও পৈশাচিক। শুভ তার নিজের মোবাইল ফোন নূরে আলমের হাতে দিয়ে ভিডিও করার নির্দেশ দেয় এবং ভয়ভীতি দেখিয়ে নিজে কিশোরীকে ধর্ষণ করে। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে নূরে আলম। এরপর শুভর অনুমতি নিয়ে তৃতীয় আসামি শাহ আলমও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করে। রাত সাড়েড় ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা চলে পাশবিক নির্যাতন।

ধর্ষণ শেষে রাত ১টার দিকে আসামিরা কিশোরীকে হুমকি দিয়ে বলে, সে যদি বাবার বাড়িতে ফিরে যায় তবে ধর্ষণের এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। এই ভয়ে বিপর্যস্ত ও বিধ্বস্ত কিশোরী নিজ বাড়িতে না ফিরে পাশের গোপালপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে যায়। সেখানে আশ্রয় না পেয়ে গভীর রাতে পার্শ্ববর্তী শিবপুর গ্রামে অপর এক বান্ধবীর বাড়িতে গিয়ে ভয়ে তাদের বারান্দায় রাত কাটায়। পরদিন ১৪ নভেম্বর সকাল ৭টার দিকে ওই বান্ধবীর মা-বাবা ঘুম থেকে উঠে কিশোরীকে দেখতে পান এবং তার কাছ থেকে বিস্তারিত শুনে কিশোরীর মাকে ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে এ বিষয়ে কথা হয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের সাথে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল এবং রবিবার সেটিকে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটির সাথে ওই তরুণের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জঘন্য ঘটনাটি ঘটানো হয়। আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের আইনের আওতায় আনতে আমাদের সর্বাত্মক অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় গণপিটুনিতে চোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন