সীমান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিয়েছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি রোববার বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষনা দেন।
সাইফুল আলম খান বলেন, ‘নানা অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছে। যেহেতু কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব কাছের সীমান্ত যশোর ও সাতক্ষীরা। ফলে ধারণা করছি এই দুই সীমান্ত দিয়েই নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সকল সীমান্ত বিজিবির কঠোর নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে বিজিবি স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় সীমান্ত রাতদিন টহল বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এই ক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
হুশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি; আগামিতেও দেওয়া হবে না। এসময় যশোর ৪৯ ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন : টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


