যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির প্রভাব কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে বিমানযাত্রায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
পরিবহনমন্ত্রী শন ডাফি সিবিএস নিউজকে জানান, আমাদের উড়োজাহাজ ও ক্রুরা নির্ধারিত অবস্থানের বাইরে চলে গেছেন। সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগছে। এমনকি সোমবারের আগে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ের জেরে ৫ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই প্রথম দেশটিতে এত দীর্ঘ সময় ধরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হলো।
তদন্তকারীরা এখনো ত্রুটির মূল কারণ ও দায় নির্ধারণের চেষ্টা করছেন। পরিবহনমন্ত্রী ডাফি জানান, তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক প্রযুক্তি চালুর অংশ হিসেবে আরকানসাসের এল ডোরাডোতে স্থাপন করা একটি কম্পিউটার রাউটার থেকে ত্রুটিপূর্ণ সংকেত আসছিল। রাউটারটির এই ত্রুটিপূর্ণ সংকেত পুরো নেটওয়ার্কের তথ্যপ্রবাহ অচল করে দেয় এবং বিমান নিয়ন্ত্রক ও পাইলটদের মধ্যকার যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। ফলে নিরাপত্তার খাতিরে এফএএ সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েন মুলিন স্পষ্ট করেছেন যে, এটি কোনো সন্ত্রাসী হামলা বা মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গে সম্পর্কিত নয়। এটি সম্পূর্ণ একটি টেলিযোগাযোগব্যবস্থার বিভ্রাট।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান ব্যবস্থার বেশির ভাগই ৫০ বছরের পুরোনো। ধাপে ধাপে বা অল্প অল্প করে নয়, পুরো কাজটি একবারেই সম্পন্ন করে বিশ্বসেরা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, আমেরিকার বিমান চলাচল অবকাঠামো চরম অবহেলায় ক্ষয়ে গেছে।
পড়ুন : রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি
সা/


