বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমার শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে ঘটনার সময় বিষয়টি বুঝতে পারেননি অভিনেত্রী। কারণ, ওই ঘটনায় পরিচালক তাঁকে সরাসরি শারীরিকভাবে স্পর্শ করেননি। দীর্ঘদিন পর ভারতে মি টু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন স্বরা। অভিনেত্রী জানান, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনার মুখোমুখি হন তিনি। ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালকের আচরণের কারণে যৌন হেনস্তার শিকার হন বলে দাবি করেছেন অভিনেত্রী।
স্বরা জানান, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলতে অনেকেই কেবল জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন কিংবা শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করাকে বোঝেন। কিন্তু বাস্তবে বিষয়টি আরও বিস্তৃত। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণও যৌন হেনস্তার মধ্যে পড়ে। অর্থাৎ, শারীরিক স্পর্শ না করেও একজন নারীকে যৌন হয়রানির শিকার করা সম্ভব।
তবে ওই পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখোমুখি হয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি স্বরা। তিনি শুধু জানিয়েছেন, তখন নিজের অভিজ্ঞতাকে যৌন হেনস্তা হিসেবে চিহ্নিত করতে পারেননি। পরবর্তী সময়ে মি টু আন্দোলন শুরু হলে বিভিন্ন নারীর অভিজ্ঞতা ও অভিযোগ সামনে আসতে থাকে। তাঁদের বক্তব্য শুনে নিজের অতীতের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান অভিনেত্রী।
তখনই তিনি বুঝতে পারেন, শুটিং সেটে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিও যৌন হেনস্তার পর্যায়ে পড়ে। বিষয়টি উপলব্ধি করে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরা বলেন, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’
অভিনেত্রীর মতে, যৌন হেনস্তার শিকার হওয়ার পরও অনেক নারী তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না যে তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে ক্ষমতাশালী ব্যক্তির অনাকাঙ্ক্ষিত আচরণের মুখে পড়লে অনেকেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে নীরব থাকেন। কখনো কাজ হারানোর ভয়, কখনো সামাজিক অবস্থান কিংবা নিজের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তাঁদের প্রতিবাদ করা থেকে বিরত রাখে।
স্বরা জানান, ২০১১ সালে তিনি অভিনয়জগতে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। বয়সও ছিল কম। তখনো চলচ্চিত্র অঙ্গনে তাঁর তেমন পরিচিতি তৈরি হয়নি। নিজের কোনো ব্যক্তিগত টিমও ছিল না। ফলে এমন পরিস্থিতিতে কার কাছে সাহায্য চাইবেন কিংবা কীভাবে প্রতিবাদ করবেন, তা বুঝে উঠতে পারেননি।
এ ছাড়া ‘তনু ওয়েডস মনু’ ছিল তাঁর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থাও তাঁর ছিল না। একদিকে পরিচালকের অনাকাঙ্ক্ষিত আচরণ, অন্যদিকে ক্যারিয়ার গড়ে তোলার চাপ—সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হয়েছিল অভিনেত্রীর।
তবে সেই কঠিন সময়ে একজনের সহযোগিতা পেয়েছিলেন স্বরা। সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে পুরো ঘটনা খুলে বলেছিলেন তিনি। অভিনেত্রীর দাবি, নির্বাহী প্রযোজক তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনেছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সহায়তার কারণেই শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।
স্বরা ভাস্করের এ বক্তব্য আবারও চলচ্চিত্র ও বিনোদনজগতের কর্মপরিবেশে নারীদের নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে শুটিং সেটে ক্ষমতার অপব্যবহার, অনাকাঙ্ক্ষিত মন্তব্য এবং মানসিক চাপের মতো বিষয়গুলোকে যৌন হেনস্তার আলোচনার বাইরে রাখার সুযোগ নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মি টু আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি করা এবং যৌন হয়রানির প্রচলিত ধারণার বাইরে থাকা আচরণগুলো নিয়েও আলোচনা শুরু করা। স্বরার অভিজ্ঞতাও সেই বাস্তবতাকে সামনে এনেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, শারীরিক স্পর্শ না থাকলেও কোনো ব্যক্তির অশালীন বা যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ একজন নারীর জন্য হয়রানিমূলক হয়ে উঠতে পারে।
পড়ুন:সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর
ইমি/


