গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েন করা এসব বিজিবি সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারের এই প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একইসঙ্গে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে। এছাড়া জেলার টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে বদলি করে কিশোরগঞ্জ জেলায় ন্যস্ত করা হয়েছে।
পড়ুন : সেনাবাহিনীতে বড় রদবদল, ৭ মেজর জেনারেলের দায়িত্ব পরিবর্তন
সা/


