দীর্ঘ বিরতি ও পেশাদার ফুটবলকে বিদায় জানানোর দীর্ঘ সময় পর আবারও মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার জার্সিতে নেমেই নিজের সামর্থ্যের পুরোনো ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। রোববার (১৫ নভেম্বর) সিরি সি লিগের ডার্বি ম্যাচে ফোরলির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রাভেনা।
ম্যাচটিতে রাভেনার হয়ে শুরুর একাদশেই মাঠে নামেন রোনালদিনহো। ম্যাচের আগে মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করা এই ফরোয়ার্ড প্রথমার্ধে বেশ কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন। রাভেনার প্রথম গোলেও ছিল তাঁর দারুণ অবদান; প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্ত করে সতীর্থের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান তিনি। সেই আক্রমণের ধারাবাহিকতায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি। এর আগে একটি কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় তাঁকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় তাঁকে ঘিরে সংবাদকর্মীদের ব্যাপক আগ্রহ দেখা যায় এবং মাঠে তাঁর সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক গোলরক্ষক দিদা।
ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তন ঘিরে স্টেডিও ব্রুনো বেনেলিতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তাঁর পরিচিত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল ‘আর১০’ নামের বিশেষ অস্থায়ী স্ট্যান্ড। বিশ্বের বেশ কয়েকটি দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচারও করা হয়।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯৯টি গোল করা রোনালদিনহোর লক্ষ্য ছিল রাভেনার জার্সিতে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করা। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নিজে নেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, ‘এখানে থাকা, খেলা এবং ড্রেসিংরুমে সময় কাটানো সত্যিই দারুণ ব্যাপার ছিল।’ ক্লাবের পক্ষ থেকে আবার ডাক পেলে ভবিষ্যতেও মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
পড়ুন : স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রার অবসান, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপসেরা ইংল্যান্ড
সা/


