মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে। এর পাশাপাশি চলতি বছরের শেষ প্রান্তিকে বৈশ্বিক চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। তবে ওই অঞ্চলে নৌ-চলাচলে হামলার ঝুঁকি এবং ট্যাংকার সংকট এখনো বাজারে উদ্বেগ জিইয়ে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই পতন দেখা যায়।
ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে আসে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) যুক্তরাষ্ট্রের এই অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়।
এর আগে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা খতিয়ে দেখায় গত সপ্তাহেও তেলের বাজারে দরপতন ঘটেছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমে শুক্রবার লেনদেন শেষ হয়।
গত শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকায় বছরের শেষ তিন মাসে বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, শেষ প্রান্তিকে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার তুলনায় প্রতিদিন ১৭ লাখ ব্যারেল বেশি। উল্লেখ্য, এর আগে একই সময়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল আইইএ।
বাজারের এই পরিবর্তন নিয়ে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির বদলে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের সামগ্রিক মনোভাবেও পরিবর্তন আসছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ জ্বালানি পরিবহণ সহজ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জোন্স অ্যাক্ট’-এর ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, নতুন ছাড়ের ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে।
সরবরাহ বৃদ্ধির আশা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের জলসীমায় নিরাপত্তা ঝুঁকি এবং ট্যাংকার সংকটের কারণে জ্বালানি পরিবহণ ব্যয় এখনো চড়া। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার রাতে হরমুজ প্রণালীর পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী একটি ট্যাংকারে আগুন ধরে গেছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা দেখা দিলেও ওই পথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি।
পড়ুন : যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, হাজারো ফ্লাইট বাতিল
সা/


