নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক টিম তদন্ত শুরু করেছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে আমানা গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় ব্যবহার করতেন। ঘটনার সময় দুটি মোটরসাইকেলে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন বাইরে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত একজন নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, অগ্নিসংযোগের শিকার স্থানটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তবে বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের দুটি পৃথক টিম কাজ করছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


