হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পেও কাটেনি পশুর চ্যানেলের নাব্যতা সংকট। আগের প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা। নতুন প্রকল্পের অগ্রগতি মাত্র ৩ দশমিক ৪৮ শতাংশ। ঋণ পরিশোধ করতে হবে সুদসহ ১ হাজার ৮৬৮ কোটি ৯০ লাখ টাকা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা ২০২৫-২৬ অর্থবছরে পণ্য হ্যান্ডলিং ও রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। এ সময়ে বন্দরটি ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টন পণ্য হ্যান্ডলিং করেছে। কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউ। প্রায় ১২ হাজার গাড়ি আমদানির পাশাপাশি বন্দরে এসেছে ৮১৫টি বাণিজ্যিক জাহাজ। বন্দর কর্তৃপক্ষের হিসাবে, এ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৪০৭ কোটি ৬ লাখ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ৩০৬ কোটি ৩০ লাখ টাকা।
তবে রেকর্ড আয়েও স্বস্তি নেই বন্দরের। কারণ, বিদেশি জাহাজ চলাচলের একমাত্র নৌপথ প্রায় ১৪৪ কিলোমিটার দীর্ঘ পশুর চ্যনেলের নাব্যতা ধরে রাখতে প্রতিবছরই বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে বন্দরকে। সংকট মোকাবিলায় নেওয়া হচ্ছে একের পর এক ড্রেজিং প্রকল্প। বাড়ছে প্রকল্পের ব্যয়, বাড়ছে সরকারি ঋণের বোঝা। অথচ বিপুল অর্থ ব্যয়ের পরও চ্যানেলটির নাব্যতা সংকটের স্থায়ী সমাধান মিলছে না।
মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্পের ব্যয় বৃদ্ধির একটি বড় উদাহরণ আগের ইনার বার ড্রেজিং প্রকল্প। নাব্যতা সংকট মোকাবিলায় নেওয়া প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭৯৩ কোটি ৭২ লাখ টাকা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও বিভিন্ন কারিগরি জটিলতায় প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৯৯২ কোটি টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ১৯৮ কোটি ২৮ লাখ টাকা।
গত ১২ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্দরের আয় ও কার্যক্রম বাড়লেও দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পশুর চ্যানেলের নাব্যতা রক্ষার ব্যয়।
প্রশ্ন উঠেছে, প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন এত স্বল্প সময়ের ব্যবধানে একই চ্যানেলে নতুন করে প্রায় দেড় হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্প নিতে হচ্ছে! আগের প্রকল্পের ব্যয় কেন এত বাড়ল? নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার দায় কার! ব্যয় বৃদ্ধির বিপরীতে কাজের মান ও প্রত্যাশিত সুফল কতটা নিশ্চিত হয়েছে! প্রাকৃতিকভাবে পলি জমার বাস্তবতার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বা দুর্নীতির কোনো ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নতুন প্রকল্পে অগ্রগতি মাত্র ৩.৪৮ শতাংশ
বন্দর সূত্রে জানা যায়, পশুর চ্যানেলের নাব্যতা ধরে রাখতে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকার নতুন একটি সংরক্ষণ ড্রেজিং প্রকল্প নেওয়া হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে সরকারি তহবিল থেকে ১ হাজার ৩৮৪ কোটি ৩৭ লাখ টাকা এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১৫৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। প্রকল্পের আওতায় পশুর চ্যানেলের বিভিন্ন পয়েন্ট থেকে ৩৩১ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজটি করছে বাংলাদেশ নৌবাহিনী। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২১ কোটি ৪৫ লাখ টাকা।
তবে প্রকল্পের অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১০ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি দেখানো হয়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ।
প্রকল্পের এমন ধীরগতির কারণ জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত পলি ফেলার জন্য প্রয়োজনীয় জমি না পাওয়ায় কাজে গতি আসছে না।
তবে পলি ফেলার জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের অভিযোগ, দীর্ঘদিন পার হলেও তাঁরা ক্ষতিপূরণের টাকা পাননি। এ কারণে অধিগ্রহণ করা অনেক জমিতে পলি ফেলতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বন্দর কর্তৃপক্ষ কে।
প্রশ্ন উঠেছে, প্রকল্প পাস এর ২১ মাস পরও কেন পলি ফেলার জমির সমস্যা সমাধান করা যায়নি! প্রকল্প গ্রহণের আগে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল কি না! নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বাস্তবে কতটুকু পলি অপসারণ করা হয়েছে! পলি ফেলার স্থান নিয়ে ওঠা অভিযোগগুলোর নিষ্পত্তি হয়েছে কি না!
ড্রেজিংয়ের পরিমাপ ও বিল নিয়ে প্রশ্ন
বন্দর কর্তৃপক্ষের দাবি, পশুর নদী জোয়ার-ভাটাপ্রবণ ও গতিশীল হওয়ায় উজান থেকে আসা পলি এবং বঙ্গোপসাগরের জোয়ারের সঙ্গে আসা বালু-কাদা নিয়মিত চ্যানেলে জমা হয়। ফলে একবার ক্যাপিটাল ড্রেজিং করলেও দীর্ঘমেয়াদে নাব্যতা ধরে রাখতে নিয়মিত সংরক্ষণ ড্রেজিং প্রয়োজন। নদী শাসনের কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ সমস্যার পুরোপুরি সমাধান কঠিন।
তবে, নদীতে প্রাকৃতিকভাবে পলি জমার বিষয়টি বাস্তবতা হলেও ড্রেজিং প্রকল্পের ব্যয়, কাজের পরিমাণ ও বাস্তব সুফল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে আগের প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের পর নতুন করে একই চ্যানেলে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার যৌক্তিকতা এবং অর্থের যথাযথ ব্যবহার খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশেষজ্ঞদের মতে, ড্রেজিং প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবে কতটুকু পলি অপসারণ করা হয়েছে, তার নির্ভুল পরিমাপ। এ জন্য হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে ড্রেজিংয়ের আগে ও পরের নদীর গভীরতা এবং অপসারিত পলির পরিমাণ যাচাই করা হয়। এসব তথ্যের ভিত্তিতেই নির্ধারিত হয় কাজের অগ্রগতি ও বিল পরিশোধের পরিমাণ।
তবে ড্রেজিংয়ের পরিমাপ, বিল পরিশোধ এবং অপসারিত পলি ফেলার স্থান বা ডাম্পিং গ্রাউন্ড নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে ও নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ও আপত্তি ওঠার কথা জানা গেছে। এসব অভিযোগের নিষ্পত্তি হয়েছে কি না, প্রকৃতপক্ষে কত ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে এবং পরিশোধিত অর্থের বিপরীতে কাজের যথার্থতা কতটুকু—এসব বিষয় সংশ্লিষ্ট নথি ও নিরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
বর্তমান প্রকল্প বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে ২০২৫ সালের ১৪ আগস্ট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নৌবাহিনীর কারিগরি তত্ত্বাবধানে ড্রেজিংয়ের কাজ পরিচালিত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে কাজের পরিমাণ যাচাই করে আর্থিক বিধিমালা অনুসরণ করে বিল পরিশোধ করা হচ্ছে।
তবে নতুন প্রকল্পে তদারকির ব্যবস্থা থাকলেও আগের প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি, অনিয়ম ও দূর্নীতির অভিযোগের স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে।
ঋণের প্রথম কিস্তি দিতে হবে ১ হাজার ৮৬৮ কোটি টাকা
পশুর চ্যানেলের নাব্যতা রক্ষায় ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৫ শতাংশ সুদে ২০ বছর মেয়াদি ১ হাজার ২৪৫ কোটি ৯৩ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে। সুদসহ এ ঋণের বিপরীতে মোংলা বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে ১ হাজার ৮৬৮ কোটি ৯০ লাখ টাকা।
২০৩০ সালের মে মাস থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। প্রথম কিস্তির পরিমাণ ১৯৯ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ নাব্যতা রক্ষার জন্য নেওয়া প্রকল্পের ব্যয় শুধু বর্তমানেই বন্দরের ওপর চাপ তৈরি করছে না, ভবিষ্যতেও বড় আর্থিক দায় তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, বন্দরের বর্তমান আয় ও ভবিষ্যৎ সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধের এই দায়ও বহন করতে হবে কর্তৃপক্ষকে। ফলে ড্রেজিং প্রকল্পে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এখন শুধু উন্নয়ন প্রকল্পের বিষয় নয়, এটি বন্দরের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
আধুনিকায়নের পরিকল্পনা, বাস্তবায়নে জটিলতা
সংসদীয় স্থায়ী কমিটির কাছে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপস্থাপিত প্রতিবেদনে বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বহরে দুটি শক্তিশালী টাগবোট যুক্ত করার পাশাপাশি একটি বয়া-লেয়িং জাহাজ, উদ্ধারকারী জাহাজ, মাদার ভেসেল এবং সার্ভে ও গবেষণা জাহাজ কেনার উদ্যোগ রয়েছে। তবে বন্দরটি এখনো ১৯৪২ সালে নির্মিত অয়েল ট্যাংকার এমটি মেঘদূত, ১৯৬১ সালে নির্মিত তিনটি মুরিং বোট এবং দুটি পুরোনো পাইলট বোটের ওপর নির্ভর করছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে নির্মাণাধীন দুটি বেসরকারি কনটেইনার জেটির কাজ ৬২ শতাংশ শেষ হলেও আইনি জটিলতায় তা আটকে আছে। ভারতের তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় নেওয়া একটি বড় প্রকল্প বাস্তবায়নেও পদ্ধতি পরিবর্তন ও বিকল্প অর্থায়নের প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠাতে হয়েছে।
এদিকে বন্দর সম্প্রসারণ ও কনটেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণে চীনের সঙ্গে প্রায় ৩৪ কোটি ডলারের ঋণচুক্তি হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০২৭ থেকে ২০৫০ সালের মধ্যে মোংলা বন্দরকে স্বয়ংক্রিয় ও পরিবেশবান্ধব গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আর্থিক জবাবদিহি
বিশেষজ্ঞদের মতে, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে পশুর চ্যানেলের ড্রেজিং অপরিহার্য। নদীতে প্রাকৃতিকভাবে পলি জমার বিষয়টিও বাস্তবতা। তবে সেই বাস্তবতার আড়ালে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, কাজের ধীরগতি, খননকাজের পরিমাপের স্বচ্ছতা, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই। এসব প্রশ্নের জবাবদিহি নিশ্চিত করতে আগের ও বর্তমান উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (ডিপিপি), সংশোধিত ব্যয় প্রস্তাব, কার্যাদেশ, হাইড্রোগ্রাফিক জরিপ প্রতিবেদন, বিল-ভাউচার ও নিরীক্ষা আপত্তি প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ পর্যালোচনা জরুরি। কারণ, মোংলা বন্দরের উন্নয়ন শুধু পণ্য হ্যান্ডলিং ও রাজস্ব আয়ের নতুন রেকর্ড গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বিপুল সরকারি অর্থ ব্যয়ের যথাযথ সুফল নিশ্চিত করে পশুর চ্যানেলের টেকসই নাব্যতা, প্রকল্পের স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহি প্রতিষ্ঠা করাও সমান গুরুত্বপূর্ণ।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


