২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন শ্রেণির বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা সেদিন নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের বই ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয়ের বই ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। এ প্রস্তুতির ফলে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে প্রতিবছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হতো। তবে পরবর্তী সময়ে আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে নির্ধারিত সময়ে বই বিতরণ সম্ভব হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০টি বাস, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ এবং সেরা শিক্ষকদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর ১০৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিজ্ঞানীদেরও পুরস্কৃত করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার প্রসারে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও আলিম ভোকেশনাল শিক্ষার উন্নয়নে কাজ চলছে। কারিগরি শিক্ষা বোর্ডকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বিশেষায়িত প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, ২০২৭ সালের নতুন পাঠ্যবইয়ে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুটি এবং চতুর্থ শ্রেণিতে দুটি বিষয় থাকবে। ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম নতুন করে সাজানোর কাজ চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কলেজে ভর্তির কার্যক্রম চলছে। তবে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী খারাপ ফল করেছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে, যাতে তারা পরবর্তী শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে পারে।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন সংশোধনের পর এসএসসি পরীক্ষার ফলাফলে পরিবর্তন এসেছে। এতে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আগে অকৃতকার্য হলেও নতুন মূল্যায়নে ৩ হাজার ৭৯ জন জিপিএ পেয়েছে। খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে পরীক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনাও রয়েছে।

শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে গুগলের সঙ্গে আলোচনা হয়েছে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন এবং শ্রেণিকক্ষের পাঠদান আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে শিক্ষার্থীদের শুধু এআইয়ের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তথ্য জানার পাশাপাশি জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান প্রয়োগের প্রজ্ঞা থাকতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার দিন শেষ। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে তারা এআইয়ের দেওয়া তথ্য যাচাই ও বিচার করতে পারে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক শিক্ষা দিতে হবে। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উচ্চশিক্ষার উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার কাজ চলছে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে। গতানুগতিক ও মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে নিজেদের প্রস্তুত করতে হবে। নবীনরাই আগামীর বাংলাদেশ, তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছে, আমরা যেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষাখাতকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, তা পরবর্তী সময়ে ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমমান নির্ধারণের জটিলতাকে দেশের শিক্ষাব্যবস্থার ‘সিস্টেম লস’ হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ও-লেভেল ও এ-লেভেল পাস করেন। তাদের একটি বড় অংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে নানা জটিলতায় পড়েন। বিশেষ করে সমমান নির্ধারণের প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে হয় তাদের।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু নতুন ভবন বা আবাসিক হল নির্মাণ করলেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন নির্ভর করে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মানসম্মত অনলাইন শিক্ষাসামগ্রী তৈরিতেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে গুগলের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের কার্যকর ব্যবহারের জন্য শিক্ষকদের প্রশিক্ষিত করে তোলার প্রয়োজন রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব কাজের জন্য বাজেট দেওয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে এ উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, রাস্তায় হাঁটতে তাঁর ভালো লাগেনি। দ্রুত পাকা রাস্তা নির্মাণের চেষ্টা করা হবে। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাস্তাগুলো সলিং করার কথা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট ছোট। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে ছয় মাসের মধ্যে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়নের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ ছাড়া বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল রেঞ্জের ডিআইজি, বিএমপি কমিশনার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন