ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি

আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, ড্রোন ও আধুনিক অল-টেরেইন ভেহিক্যাল (এটিভি) ব্যবহারের পাশাপাশি বাড়ানো হয়েছে জনবল ও গোয়েন্দা তৎপরতা।

বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিশেষ করে দুর্গম ও পার্বত্য সীমান্ত এলাকায় টহল কার্যক্রম আরও গতিশীল করতে বাহিনীর বহরে যুক্ত হয়েছে আধুনিক এটিভি গাড়ি। এসব যানবাহনের সাহায্যে দুর্গম পাহাড় ও উঁচু-নিচু টিলায় দিনরাত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শেরপুর সীমান্তের আটটি গুরুত্বপূর্ণ বিজিবি ক্যাম্পে সোলারচালিত সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন যুক্ত করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকার চিত্র সরাসরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বাড়ানো হয়েছে বিজিবির সদস্যসংখ্যা ও গোয়েন্দা তৎপরতা। বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের যেকোনো অস্বাভাবিক ঘটনার তথ্য দিয়ে তারা সব সময় বিজিবিকে সহযোগিতা করছেন। অন্যদিকে বিজিবি সদস্যরাও ২৪ ঘণ্টা সীমান্তে সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছেন। যেকোনো প্রয়োজনে বিজিবি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, একইভাবে দেশের স্বার্থে স্থানীয়রাও বিজিবির পাশে থাকেন।

সীমান্ত দিয়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান দমনে তদারকি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযানে গুরুত্ব দেওয়ার অর্থ এই নয় যে বাহিনীর অন্যান্য নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযানও সমানতালে পরিচালনা করা হচ্ছে।

এদিকে, ডিসেম্বর মাসকে সামনে রেখে নেত্রকোনা সীমান্তেও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সেখানকার টহল ও নজরদারি কার্যক্রমে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চলছে। এ উদ্দেশ্যে সীমান্ত এলাকা ব্যবহার করে বিভিন্নভাবে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির নিয়মিত কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে।

নজরদারি, প্রযুক্তির ব্যবহার ও জনবল বাড়ানোর পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা চেয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন