খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার স্থান পরিদর্শন প্রশাসকের, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে শঙ্কা থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হবে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ফ্যাসিবাদপন্থীদের ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। খুলনায় সন্ত্রাস দমনে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। তবে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেও দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে তিনি হতবাক হয়েছেন। কারণ, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে, কারও প্রতিপক্ষ নয়। সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রশাসক বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এর ধারাবাহিকতায় খুলনায় গত সপ্তাহে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় না। খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। খুলনাসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ সফল করতে তাঁরা পাশে থাকবেন এবং খুলনাবাসীও সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন