ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন বানচাল এবং দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করার লক্ষ্যে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। তাদের দাবি, গত মাসের নির্বাচনের আগে আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল নেতানিয়াহুর কার্যালয়। এ ঘটনায় দলটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হলেও পরে অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় তাদের মুক্তি দেয় পুলিশ। তবে বিরোধীদের এসব অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি।
সোমবার (১৬ নভেম্বর) বিরোধী নেতারা এ অভিযোগ সামনে আনেন। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে নির্বাচনের আগে নেতানিয়াহুর কার্যালয়ের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে রা’আম পার্টির সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য সরবরাহ এবং আরব রাজনৈতিক নেতাদের ওপর নজরদারির চেষ্টা।
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, নতুন নতুন তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হচ্ছে। তার ভাষায়, এটি শুধু নির্বাচন বানচালের চেষ্টা ছিল না, বরং একটি অভ্যুত্থানের প্রচেষ্টা।
ইসরায়েলের চ্যানেল ১২-এর গত রোববারের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন রা’আম পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর দেওয়া তথ্য পুলিশের কাছে তুলে ধরেন। ওই সাবেক কর্মীকে গোয়েন্দা তথ্যের একটি সূত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রা’আম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি। ফলে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো নেতানিয়াহুর কার্যালয়ের রাজনৈতিক উদ্দেশ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। পত্রিকাটি জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের নেতাদের ফোনে আড়িপাতার উদ্যোগ নিয়েছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে অনুমতি দেননি।
ঘটনাটি নিয়ে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য আদান-প্রদানের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করবে। তবে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। দলটির দাবি, এসব প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে নেতানিয়াহুকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
নির্বাচনের ফলাফল ঘিরেও আগে থেকেই উত্তেজনা চলছিল। সর্বশেষ নির্বাচনে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টি মিলিয়ে রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। বিরোধীদের মতে, নির্বাচনের ফলাফল মেনে নিতে না পেরে আরব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন। শিন বেতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি ‘অন্ধকার শাসনব্যবস্থার বৈশিষ্ট্যপূর্ণ আচরণ’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
রা’আম পার্টির উপপ্রধান এবং পুলিশের সাবেক প্রধান ইয়োয়াভ সেগালোভিৎস এ ঘটনার জরুরি তদন্ত দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু একসময় চিৎকার করে বলেছিলেন, তার নির্বাচন চুরি করা হচ্ছে। অথচ তিনিই দেশটিকে চুরি করার চেষ্টা করেছেন এবং এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রীকে ইসরায়েলের গণতন্ত্রের জন্য ‘বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিরোধীদের দাবি, এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের কারসাজি হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলে সরকার গঠন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। তবে জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের প্রতি সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এ অবস্থায় আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে নির্বাচনের আগে তাদের সদস্যদের গ্রেপ্তার, নজরদারির চেষ্টা এবং নেতানিয়াহুর কার্যালয়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ ইসরায়েলের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে। বিরোধীদের অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। তবে বিষয়টি ঘিরে তদন্তের দাবি এবং রাজনৈতিক চাপ বাড়তে থাকায় দেশটির ক্ষমতার রাজনীতিতে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।
পড়ুন:মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
ইমি/


