তৈরি পোশাক খাতে চলমান তীব্র অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এবং শতাধিক কারখানা বন্ধ থাকার প্রেক্ষাপটে সংকট নিরসনে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে আলোচনার এজেন্ডা রাখা হয়েছে। বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনের কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধি অনুযায়ী এ সংক্রান্ত একটি সাধারণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের কার্যসূচি থেকে জানা গেছে, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান জনস্বার্থে এই সাধারণ আলোচনা অনুষ্ঠানের প্রস্তাবটি এনেছেন। প্রস্তাবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান সুরক্ষা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক ক্রয়াদেশ ও রপ্তানি সক্ষমতা বজায় রাখতে সরকারের করণীয় নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও কয়েক দফা কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সময়ের অভাবে আলোচনা হয়নি। এ নিয়ে গতকাল (সোমবার) সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধী সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে, চলমান অস্থিরতায় ইতিমধ্যে খাতটির প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ কয়েক দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এবং মালিকপক্ষের কারখানা বন্ধের ঘোষণায় সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে অচলাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে গতকাল নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হয়ে আগামী ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আজকের সংসদ অধিবেশন থেকে সরাসরি নতুন মজুরি ঘোষণা না এলেও, শিল্পাঞ্চলে শান্তি ফেরাতে ও সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে জরুরি নীতিগত সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
দেখুন: গার্মেন্টসে অস্থিরতা, হাতছাড়া হতে পারে বিলিয়ন ডলারের বাজার! | Nagorik TV


