সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের প্রবেশ রোধে অভিযান অব্যাহত রেখেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর দিবাগত রাতে ব্যাটালিয়নের অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ইমি/


