পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানান। অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন এবং বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন এবং স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট আসনটি শূন্য হয়।

সংসদ সচিবালয়ের সূত্র মতে, ৮৬ বছর বয়সী এই রাজনীতিক চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মঙ্গলবার সেখান থেকেই তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান এবং তা গৃহীত হয়। এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে তিনি ভোট দেননি এবং বিষয়টি জানিয়ে তখন সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। এছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতিও ছিলেন তিনি।

বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক ইতিহাসের অধিকারী ওসমান ফারুক ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং সেখানকার টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সাবেক এই আমলা বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন, যেখানে তার দক্ষতা সব মহলে প্রশংসিত ছিল।

পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে দলটির ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন তিনি। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এই প্রবীণ নেতা।

পড়ুন : শ্রমিকদের ন্যায্য অধিকার ও পোশাকশিল্পের সংকট: সংসদে উঠছে সাধারণ প্রস্তাব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন