পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ নামের এক ব্যক্তি। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’
উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।
পড়ুন: পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


