বিস্তীর্ণ জলরাশি আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ- এ নিয়েই হাওরাঞ্চলের জীবন। প্রকৃতির এই অবারিত সৌন্দর্য আর কৃষকের ঘামে বোনা স্বপ্ন আজ জলবায়ু পরিবর্তনের নিষ্ঠুর থাবায় বিপন্ন। উন্নত বিশ্বের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের মাশুল কেন গুনবেন ভাটি অঞ্চলের নিরীহ মানুষেরা? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এই বৈশ্বিক অবিচারের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন প্রান্তিক কৃষকেরা।
সোমবার বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলার মদন উপজেলার তলার হাওরে এমনই এক ব্যতিক্রমী ও আবেগময় দৃশ্যপট তৈরি হয়। কাদামাটি আর ফসলের ক্ষেতে দাঁড়িয়ে নিজেদের অধিকার এবং জলবায়ু সুবিচারের দাবিতে বিশ্বনেতাদের প্রতি জোরালো বার্তা পাঠাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা।
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা ‘বারসিক’ এবং ‘গ্রিন কোয়ালিশন কমিটি’। হাওরের বুক থেকে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের এই উদ্যোগে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল হৃদয়ের গভীরের ক্ষোভ আর বাঁচার আকুতি- ‘উজান পাহাড় ও কয়লা খনন বন্ধ কর’, ‘উই আর হাওর ফার্মারস’, ‘আওয়ার আর্থ ইজ বার্নিং’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, ‘জলবায়ু তহবিল বাস্তবায়ন কর’ এবং ‘জীবাশ্ম জ্বালানি নিপাত যাক’।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান, আরব আলীসহ আরও অনেকে। আক্ষেপের সুরে তারা বলেন, ধনী ও শিল্পোন্নত দেশগুলোর বিলাসবহুল জীবনযাপন আর অনিয়ন্ত্রিত পরিবেশ দূষণের কারণে আজ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পৃথিবী। আর এর সবচেয়ে বড় ও প্রত্যক্ষ ভুক্তভোগী হচ্ছেন হাওরাঞ্চলের জলাভূমিকেন্দ্রিক প্রান্তিক মানুষ ও কৃষকেরা। অকাল বন্যা আর প্রকৃতির খামখেয়ালিতে প্রতি বছর তাদের বোনা ফসল চোখের সামনে তলিয়ে যায়। উন্নত বিশ্ব যদি এখনই কার্বন নিঃসরণ কমাতে ব্যর্থ হয়, তবে হাওরের জীবন ও জীবিকা অচিরেই চরম ধ্বংসের মুখে পড়বে।
কেবল ক্ষোভ প্রকাশই নয়, আসন্ন জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের টেবিলে উপস্থাপনের জন্য হাওরের কৃষকেরা পাঁচটি সুনির্দিষ্ট ও যৌক্তিক দাবি তুলে ধরেছেন।
তাদের পাঁচ দফা দাবি হলো- আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের জন্য অবিলম্বে শস্য বীমার খরচ প্রদান করতে হবে। জলবায়ু তহবিল থেকে দরিদ্র দেশ বা প্রান্তিক কৃষকদের কোনো শর্তযুক্ত ঋণ দেওয়া যাবে না; বরং প্রকৃত ক্ষতির জন্য ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। স্বাভাবিক পানিপ্রবাহ ফেরাতে হাওরাঞ্চলের নদী, বিল, খাল ও হাওরগুলো দ্রুত খনন করতে হবে। হাওরের স্পর্শকাতর পরিবেশ ও বাস্তুতন্ত্র ধ্বংস করে কোনো ধরনের মহাসড়ক বা অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন করা যাবে না। এবং কৃষকের একমাত্র সম্বল ফসল রক্ষায় হাওরে অবিলম্বে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক, পরিবেশকর্মী ও আয়োজকেরা জানান, এই দাবিগুলো শুধু নেত্রকোনার গুটিকয়েক কৃষকের নয়, এটি গোটা হাওরাঞ্চলের লাখো মানুষের প্রাণের দাবি। নীতিনির্ধারক থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপই পারে মানুষগুলোকে আসন্ন জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।
হাওরের তলা থেকে ওঠা এসব অবহেলিত কৃষকের কণ্ঠস্বর কি তুরস্কের আন্টালিয়ায় পৌঁছাবে? বিশ্বনেতারা কি শুনবেন অস্তিত্ব রক্ষার এই আর্তনাদ? সেদিকেই এখন তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন হাওরবাসী। তারা আর কোনো মিথ্যা আশ্বাস বা ‘ফলস সলিউশন’ চান না, তারা চান জলবায়ু ন্যায্যতা।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


