ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় এই আদেশ দেন।
এর আগে এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ও তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি সাঈদ খোকনের আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্যও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহত হয়। ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়, যার মধ্যে সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।
পড়ুন : প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
সা/


