কানাডার টরন্টো প্যাভিলিয়নে সংগীত ও নৃত্যের বর্ণিল আয়োজন ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’-এ মুগ্ধ হয়েছেন প্রায় এক হাজার দর্শক-শ্রোতা। গত শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় নিজেদের পরিবেশনায় দর্শকদের মন জয় করেন রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বাংলাদেশের নৃত্যাঙ্গনের দুই খ্যাতিমান শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। অনুষ্ঠান শেষ হলেও ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের পরিবেশনার ছবি, ভিডিও ও প্রশংসাসূচক মন্তব্য প্রকাশ করে সেই রাতের নানা মুহূর্ত তুলে ধরছেন দর্শকেরা।
সন্ধ্যার অন্যতম মূল আকর্ষণ ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনা। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সমন্বয়ে তাঁর পরিবেশনা ভিন্ন মাত্রা পায়। বন্যার সঙ্গে যন্ত্রসংগীতে চমৎকার মেলবন্ধন তৈরি করেন পাঁচ গুণী শিল্পী—বাঁশিতে রাসেল টাবস, সেতারে মোহাম্মদ আসানি, পিয়ানো ও সংগীতায়োজনে টিমোথি করলিস, চেলোতে বেন বোল্ট-মার্টিন এবং তবলায় রনি পামার। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও রাত ১১টার পর পর্যন্ত বিপুলসংখ্যক দর্শককে মিলনায়তনে বসে গান উপভোগ করতে দেখা যায়।
বাঁশির সুর ও মিলির কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাঁদের দল নিয়ে পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায়’। তাঁদের দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ এবং ‘মোর ঘুমঘোরে’ যুগল নৃত্য দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। এ ছাড়া জুনায়েদ আনোয়ারের দোতারা ও জাহাঙ্গীরের বাঁশি পরিবেশনা, বাউলগানের সঙ্গে নৃত্য, দিলারা নাহার বাবুর কবিতার বিশেষ পরিবেশনা এবং তাপস দেবের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য আয়োজনে বৈচিত্র্য যোগ করে এবং দর্শকদের প্রশংসা কুড়ায়।
এবারের আয়োজনের একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল স্থানীয় নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের অংশগ্রহণ। মূল অনুষ্ঠানের আগে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় দুই দিনের বিশেষ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষণ নেওয়া স্থানীয় শিল্পীদের একটি দল মূল মঞ্চে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে পরিবেশনার সুযোগ পায়, যা প্রবাসে বাংলা নৃত্যচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।
নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু, পরিবেশনার ধারাবাহিকতা এবং সুশৃঙ্খল মঞ্চ ব্যবস্থাপনায় পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। পুরো আয়োজনটি সফল করতে দীন ইসলামসহ আয়োজক দলের সদস্য, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক এবং পৃষ্ঠপোষকদের আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
সব মিলিয়ে, তিন কিংবদন্তি শিল্পীর সম্মিলিত উপস্থিতি, সংগীতায়োজন ও সামগ্রিক ব্যবস্থাপনায় প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি বাঙালিদের গভীর অনুরাগ আবারও ফুটে উঠেছে—যা টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’-কে একটি স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে দিয়েছে।
পড়ুন : অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্র, এবার বাবা-ছেলেকে প্রাণনাশের হুমকি
সা/


