সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানের দুল ছিনিয়ে নিতে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে, তার এক বন্ধু এবং চুরি করা কানের দুল কেনার অভিযোগে এক স্বর্ণের দোকানদারসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে মতিফুল বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমে তার ছেলে আশরাফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মায়ের কানের দুল নেওয়ার উদ্দেশ্যে আশরাফুল ইসলাম ও তার এক বন্ধু মিলে তারমাকে হত্যা করে। পরে মরদেহ বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে মায়ের কানের দুল খুলে নেয় তারা। পরবর্তীতে ওই কানের দুল একটি স্বর্ণের দোকানে বিক্রি করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের মাত্র ৫৫ মিনিটের মধ্যে অভিযুক্ত ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিক্রি করা কানের দুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কানের দুল কেনার অভিযোগে সংশ্লিষ্ট স্বর্ণের দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা
সা/


