সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষক সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে খরা ও লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা-১০ জাতের বোরো ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ ও প্রদর্শনী প্লট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-১০ জাতের ধানের প্রদর্শনী প্লট পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন) এ আয়োজন করে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে এমএস টিসিডিসি।

এসএইচবিও’র পক্ষ থেকে জানানো হয়, অনাবৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে। এতে রবি মৌসুমে বোরো ধান আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। প্রচলিত অনেক জাতের ধান চাষে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে। ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে খরা ও লবণাক্ততা সহিষ্ণু বিনা-১০ জাতের ধান আবাদ কৃষকদের জন্য সম্ভাবনাময় বিকল্প হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এ জাতের ধান লবণাক্ত জমিতেও ভালো ফলন দিতে সক্ষম। পাশাপাশি চাষাবাদে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং জৈব সার ও ট্রাইকো-কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর সুযোগ রয়েছে।

সমাবেশে শতাধিক কৃষক ও যুবক অংশ নেন। এতে বক্তব্য দেন এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, প্রকল্পের সমন্বয়ক আব্দুল্লাহ আল রাহাদসহ স্থানীয় কৃষক ও যুব প্রতিনিধিরা।

এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, লবণাক্ততা ও অনিশ্চিত আবহাওয়ার চাপে থাকা সুবর্ণচরের কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ে ফসলের রোগ শনাক্ত ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগও রয়েছে।

তিনি আরও জানান, ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে ৫০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উদ্যোক্তা হিসেবে সার উৎপাদন ও বিক্রির মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

আয়োজকদের আশা, খরা ও লবণাক্ততা সহিষ্ণু জাতের ধান চাষ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে সুবর্ণচরের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন