চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন কৃষকরা। পাহাড়ে জমি চাষ করতে গেলেই অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির আতঙ্ক তাড়া করছে তাঁদের। স্থানীয়দের দাবি, গত দুই বছরে এ এলাকায় শতাধিক কৃষক অপহরণের শিকার হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে ২৫ কৃষককে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতদের স্বজনদের মধ্যে চলছে আহাজারি ও উৎকণ্ঠা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল ২৫ কৃষককে জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। অপহৃতদের অধিকাংশই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার বাসিন্দা।
অপহরণের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফরের (২৬) নাম জানা গেছে।
পালিয়ে আসা দুই কৃষকের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে তাঁরা নিজেদের পাহাড়ি জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল তাঁদের ঘিরে ফেলে জিম্মি করে। পরে তাঁদের পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় কৌশলে দুই কৃষক পালিয়ে বাড়িতে ফিরে আসতে সক্ষম হন।
মুক্তিপণ দিয়েও ফেরেননি কৃষক:
অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। কিন্তু টাকা দেওয়ার পরও ওই কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারটির অভিযোগ, বিষয়টি পুলিশ কিংবা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বজনেরা। একদিকে প্রিয়জনের ফেরার অপেক্ষা, অন্যদিকে অপহরণকারীদের হুমকি—সব মিলিয়ে পরিবারগুলো চরম অনিশ্চয়তায় রয়েছে।
দুই মাস আগেও অপহরণ, মুক্তিপণ দিয়ে ফেরেন ১০ জন:
স্থানীয় বাসিন্দা হাসান জানান, প্রায় দুই মাস আগেও হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে ১০ জনকে অপহরণ করা হয়েছিল। পরে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দিয়ে তাঁরা ফিরে আসেন। তাঁর অভিযোগ, পাহাড়ি এলাকায় এ ধরনের অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায়ই ঘটে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী কোনো নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠেনি।
স্থানীয়দের দাবি, গত দুই বছরে শতাধিক কৃষক বিভিন্ন সময়ে অপহরণের শিকার হয়েছেন। এসব ঘটনায় অনেকেই মুক্তিপণ দিয়ে ফিরে এলেও পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে তাঁদের নিরাপত্তাহীনতা কাটছে না।
অপহরণে স্থানীয়দের সহযোগিতার অভিযোগ:
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, প্রায়ই পাহাড়ি এলাকা থেকে কৃষকদের ধরে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায় করা হয়। এসব ঘটনার সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের পাশাপাশি স্থানীয় কিছু ব্যক্তিও জড়িত বলে অভিযোগ করেন তিনি।
কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইদগাঁও পাহাড়ি এলাকায় সেনাক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কৃষকদের অপহরণের বিষয়টি তিনি জেনেছেন। তাঁদের দ্রুত উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে।
তবে এ ঘটনায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে যদি কৃষকদের জীবনই নিরাপদ না থাকে, তাহলে তাঁরা কীভাবে চাষাবাদ করবেন—এমন প্রশ্ন এখন স্থানীয় কৃষক ও তাঁদের স্বজনদের। তাঁদের দাবি, অপহৃত ২৫ কৃষককে দ্রুত উদ্ধার, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ফসল ফলানোর স্বপ্ন নিয়ে পাহাড়ে যাওয়া কৃষকদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা চান স্বজনেরা। তাঁদের অপেক্ষা—কখন ফিরবেন প্রিয়জন, কখন শেষ হবে এই অপহরণ আতঙ্ক।
পড়ুন : জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ


