কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯৫ লাখ টাকার কষ্টি পাথর ও ভারতীয় মদ উদ্ধার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। বিজিবির এই অভিযানে ৯৪.২৫০ কেজি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।
জানা যায, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৪.২৫০ কেজি কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) উদ্ধার করা হয়।
অন্যদিকে ১৮ নভেম্বর ভোর রাতে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।একই দিন ভোরে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান পরিচালনা করে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একটি নিরাপদ, সুরক্ষিত ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
পড়ুন : জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ


