রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে মামলার আইসিজের রায় আজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এ মামলার রায়ে মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলে, আন্তর্জাতিক আইনের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র সর্বোচ্চ আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত হবে।

বিজ্ঞাপন

মূলত ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নির্মম অভিযানকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। ওই সময় রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েক লাখ মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন ও মানবাধিকার সংস্থাগুলোর নথিতে রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন ও গণধর্ষণের নানা বিবরণ উঠে এসেছে।

অবশ্য রোহিঙ্গাদের গ্রাম নিশ্চিহ্ন করার পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষের মতো ঘটনাগুলো ঘটলেও, আইসিজের সামনে প্রধান বিবেচ্য বিষয় হলো—এসব কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞায় পড়ে কি না।

১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আইসিজে গঠিত হয়; এটি মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারিক আদালত নয়। তবুও রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় বিচার চাওয়ার বিকল্প পথ সীমিত থাকায় এ আদালতকেই বেছে নেওয়া হয়। মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় সেখানে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচারের সুযোগ ছিল না। আর ২০১৮ সালের জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ ছিল এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত—যদিও মিয়ানমার সেই প্রতিবেদন নাকচ করে দেয়।

এমন বাস্তবতায় ২০১৯ সালের নভেম্বরে ওআইসির সমর্থনে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তাদের অবস্থান ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সর্বজনীন হওয়ায় তা কার্যকর রাখতে সব রাষ্ট্রেরই ভূমিকা রাখার অধিকার রয়েছে। শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করা হয় এ মামলায়। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও সনদ লঙ্ঘনের অভিযোগ আনার এ আইনি অধিকার নিয়ে মিয়ানমার আপত্তি জানালেও আইসিজের বিচারকেরা গাম্বিয়ার মামলা করার এখতিয়ার বহাল রাখেন।

মামলার শুরুতে তৎকালীন নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি নিজে দ্য হেগে গিয়ে প্রাথমিক আইনি লড়াইয়ের নেতৃত্ব দিলে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। পরে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হলে, মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন দল।

আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই, আবার এ রায়ের সঙ্গে কোনো শাস্তির বিধানও যুক্ত নেই। তবু গাম্বিয়ার পক্ষে রায় এলে তা মিয়ানমারের জন্য বড় বার্তা বহন করবে; নাৎসি জার্মানি, রুয়ান্ডার হুতু সশস্ত্র গোষ্ঠী কিংবা স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ চালানো বসনীয় সার্বদের কাতারে চলে আসতে পারে দেশটি।

২০১৭ সালের সামরিক অভিযানের জন্য মূলত যাঁকে দায়ী করা হয়, মিয়ানমারের বর্তমান শাসক জেনারেল মিন অং হ্লাইং সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক অঙ্গনে নিজের নেতিবাচক ভাবমূর্তি শোধরানোর চেষ্টা করছেন। এমন রায় তাঁর জন্য বড় ধাক্কা হতে পারে। যদিও তিনি মূলত প্রতিবেশী এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে জোর দিচ্ছেন—যাদের অনেকে এ রায়কে খুব একটা গুরুত্ব দেবে না বলে ধারণা করা হচ্ছে—আর পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর আগ্রহ তাঁর আরও কম।

আইনগত দিক থেকে গণহত্যার অভিযোগ প্রমাণ করা বরাবরই কঠিন। নাৎসিদের মতো প্রকাশ্য গণহত্যার পরিকল্পনা না থাকলে, বিচারকেরা সাধারণত এমন প্রমাণ খোঁজেন যেখানে আসামিদের কাজের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হয় গণহত্যার উদ্দেশ্য। ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনার করা সার্বিয়ার বিরুদ্ধে মামলায় রায় দিতে ১৪ বছর লেগেছিল; ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিলেও সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্যের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, যদিও গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দেশটিকে দায়ী করা হয়।

একইভাবে অং সান সু চি ও মিয়ানমারের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে গাম্বিয়া জটিল সংঘাত ও সামরিক অভিযানকে ভুলভাবে তুলে ধরেছে; যুদ্ধাপরাধ ঘটে থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও তা গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয় বলে দাবি করা হয়। মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই জাতিগত নিধন বা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই তথাকথিত সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো হয়েছিল।

অন্যদিকে গাম্বিয়ার পক্ষে মামলাটির নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান মনে করেন, রায়ের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষায়, ‘এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।’

সুলেমানের বিশ্বাস, গণহত্যার অভিযোগ প্রমাণে আদালতের কঠোর মানদণ্ড পূরণ করার মতো যথেষ্ট প্রমাণ তাঁরা সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আদালতের সামনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের ইতিহাস তুলে ধরেছি। পাশাপাশি সেই ইতিহাস ও সংশ্লিষ্ট নীতিগুলো কীভাবে ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশনের সময় সরকারের বক্তব্য, প্রচারণা ও নীতিমালা বোঝার পটভূমি তৈরি করেছে, তা ব্যাখ্যা করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং একের পর এক বৈষম্যমূলক আইন কঠোর করার বিষয়টি তুলে ধরেছি। এসব আইনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের সুযোগ সীমিত করা হয়েছিল। এর ফলে রোহিঙ্গাদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের যুক্তি, গণহত্যার উদ্দেশ্য থাকার বেশ কয়েকটি ইঙ্গিতের মধ্যে এটিও একটি।’

রায় যাই হোক না কেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ ভূমিতে ফেরার পথ এখনো কণ্টকাকীর্ণ। বাংলাদেশে এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীশিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন, আর আন্তর্জাতিক সহায়তা কমে আসায় কর্মসংস্থানের সুযোগও নেই। প্রবাসী রোহিঙ্গাদের কাছে এ রায় দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার বড় উপলক্ষ হলেও, রাখাইন প্রদেশে চলমান সংঘাত পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরে।

বর্তমানে রাখাইনের বেশিরভাগ এলাকা মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে থাকা বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সমর্থন আরাকান আর্মির প্রতি থাকলেও, তারা রোহিঙ্গাদের ফিরে আসার ধারণার প্রতি তীব্রভাবে বিরূপ। তার ওপর রোহিঙ্গাদের অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং দীর্ঘ সময়ে আন্তর্জাতিক সমর্থনও কমে এসেছে। ফলে বিশ্বের সর্বোচ্চ আদালত থেকে নজিরবিহীন গণহত্যার রায় এলেও, মাঠপর্যায়ের এই কঠিন বাস্তবতা সহজে বদলানো যাবে না।

পড়ুন : চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন