পরিবহন খাতে অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি, যুবদল, শ্রমিক দল বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সমিতির উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে কালিয়াকৈর উপজেলা সদর বাজার ও বাস টার্মিনাল এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বাস টার্মিনাল চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মালিক সমিতির সভাপতি হাজী রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীমউদ্দীন।
এ সময় গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিনসহ বিএনপি, শ্রমিক দল বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই ইস্যুতে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি তপন খান, উপজেলা যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদীনসহ কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা পরিবহন খাতে সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও শ্রমিক হত্যার ঘটনার নিন্দা জানান। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির খান বলেন, পরিবহন খাতে সহিংসতা ও শ্রমিক হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলনে কোনো গাড়িচালক নিহত হলে তাঁর পরিবারের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
এ ছাড়া বক্তারা দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ


