নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইলগামী এশিয়ান হাইওয়ে সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারস্থ জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।
পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী, গাড়ীর চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।
তবে আগুনে ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন বলেন, এ ঘটনায় চালক বা হেলপার কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পড়ুন : চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
সা/


