২০১৭ সালে সামরিক অভিযানের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার অভিপ্রায়’ থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজে এ মামলার রায় ঘোষণা করেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
আল জাজিরার খবরে বলা হয়, প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ার সময় আইসিজের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তিনি বলেন, ‘আদালত মনে করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করেছে।’ নির্দিষ্ট কয়েকটি ঘটনার উল্লেখ করে বিচারক বলেন, সেসব ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা দায়ের করে। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো বেআইনি কর্মকাণ্ড বন্ধের নির্দেশ এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায় দেশটি।
অন্যদিকে, মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি ‘উল্লেখযোগ্য অংশ’ ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের। আদালত আরও বলেছে, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণের সময় গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের জানা উচিত ছিল। ফলে গণহত্যা প্রতিরোধে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
বিচারক আরও বলেন, গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের, এমনকি সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচারক আরও বলেন, গণহত্যা সনদের ১, ৪ ও ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যার শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে রয়েছেন ১২ লাখ রোহিঙ্গা।
২০১৭ সালের দমন-পীড়ন থেকে জাতিসংঘের আদালত: রোহিঙ্গা সংকটের এক দশক
২৫ আগস্ট, ২০১৭: সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট, ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘাত তীব্র আকার ধারণ করায় হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।
২ সেপ্টেম্বর, ২০১৭: ২৫ আগস্টের হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
১১ সেপ্টেম্বর, ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এই সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ হিসেবে অভিহিত করেন।
১৯ সেপ্টেম্বর, ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের পেছনে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন। তবে সেই সময় জাতিসংঘের জাতিগত নিধনের অভিযোগের বিষয়ে কিছু জানাননি তিনি।
১২ ডিসেম্বর, ২০১৭: আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরে পরিচালিত এক জরিপের ফলাফল প্রকাশ করে। এতে বলা হয়, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু রয়েছে।
১০ জানুয়ারি, ২০১৮: মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ২০১৮ সালের এপ্রিলে সাত সৈন্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাদের আগাম জামিন দেওয়া হয়।
• আইসিজেতে যেভাবে এগিয়েছে এই মামলা
নভেম্বর ২০১৯: গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা করা হয়।
জানুয়ারি ২০২০: আইসিজে রুল জারি করেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে ‘তার ক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা’ গ্রহণ করতে হবে।
২০২৩-২০২৪: কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ একদল দেশ আইসিজের বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং গণহত্যা সনদের বিষয়ে নিজেদের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়ে ‘হস্তক্ষেপের ঘোষণা’দাখিল করে। আইসিজে এসব আবেদন গ্রহণ করেন।
জানুয়ারি ২০২৬: আইসিজে গণহত্যা মামলার ওপর প্রকাশ্য শুনানি গ্রহণ এবং এরপর আদালত রায় নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করেন।
৩ নভেম্বর ২০২৬: আইসিজে ঘোষণা করেন, আগামী ১৯ নভেম্বর এই মামলার রায় প্রদান করা হবে।
পড়ুন : রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে


