গাইবান্ধায় মা-ছেলে হত্যা মামলার দুই ঘণ্টার মধ্যে আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দ্বিতীয় আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিপিসি-৩ (গাইবান্ধা)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রাম থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ (গাইবান্ধা) ও সিপিসি-২ (নীলফামারী)-এর একটি যৌথ আভিযানিক দল পঞ্চগড়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

​প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের নিজ বসতবাড়ি থেকে আইনুর নাহার আঁখি (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রায় ১৬-১৭ বছর আগে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের সঙ্গে আইনুর নাহারের বিয়ে হয়। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কর্মরত থাকাকালে আব্দুর রাজ্জাক মোছা. শাহিনা বেগম (২৬) নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর শাহিনাকে বাড়িতে নিয়ে এলে দুই স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়, যা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও বসে।

​সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুর রাজ্জাক প্রথম স্ত্রী আইনুর নাহারকে তিন সন্তানসহ বামনডাঙ্গায় একটি ভাড়া বাসায় রাখেন। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁওয়ে বদলি হলে স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে বসবাসকালে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আইনুর নাহার ও তাঁর ছোট ছেলে আহনাফকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় তাঁর বড় মেয়ে বাড়িতে ফিরে মা ও ভাইয়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়।

​এ ঘটনায় নিহত আইনুর নাহারের বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন।

​এসআরবি-১৩-এর সিপিসি-৩ (গাইবান্ধা)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপারমোহাম্মদ রেজাউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন