নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রঞ্জিত ও পাশা। বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জানা যায়, রাতে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার দুই শ্রমিক দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা


