একসময় রাসপূর্ণিমা এলেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠত সুন্দরবনের দুবলার চর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেন হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী। পূজা-পুণ্যস্নানের পাশাপাশি বসত ঐতিহ্যবাহী রাসমেলা। কয়েক দিন ধরে চলত ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি, গান-বাজনা ও কেনাবেচা। কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গেছে সেই উৎসবের জৌলুশ। ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ হয়ে যায় রাসমেলার আয়োজন। পরবর্তী সময়ে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বনের ওপর মানুষের চাপ কমানো এবং মেলাকে কেন্দ্র করে সম্ভাব্য অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এবারও মেলা কিংবা উৎসবের কোনো আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী ঐতিহ্যের রাসপূজা। এতে অংশ নিতে পারবেন শুধু সনাতন ধর্মাবলম্বীরা। প্রবেশের সময় যাচাই করা হবে জাতীয় পরিচয়পত্র।
আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা। ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
দুবলার চরের রাসমেলার ইতিহাসও বেশ পুরোনো। প্রচলিত ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভজন নামে এক সাধু এই রাসপূজা ও মেলার প্রচলন করেন। তিনি দীর্ঘদিন সুন্দরবনে অবস্থান করে বনজ ফলমূল খেয়ে জীবনযাপন করতেন। তাঁর আধ্যাত্মিক জীবন ও ধর্মীয় কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আশপাশের এলাকার বহু ভক্ত তাঁর অনুসারী হন। রাসপূর্ণিমা উপলক্ষে তাঁদের নিয়ে দুবলার চরে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে সেই ধর্মীয় আয়োজনই ধীরে ধীরে রূপ নেয় বৃহৎ রাসমেলায়।
১৯২৩ সাল থেকে প্রচলিত এই ঐতিহ্যের বয়স এখন প্রায় ১০৩ বছর। যদিও স্থানীয় জনশ্রুতি ও বিভিন্ন বর্ণনায় রাসমেলাকে প্রায় ২০০ বছরের পুরোনো বলেও উল্লেখ করা হয়। তবে নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে ১৯২৩ সালেই সাধু হরিভজনের উদ্যোগে এর সূচনার তথ্য পাওয়া যায়।
একসময় এই রাসমেলা শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না। পূজা ও পুণ্যস্নানের পাশাপাশি বসত বিশাল লোকজ মেলা। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের জেলে, ব্যবসায়ী, কারুশিল্পী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হতো দুবলার চর। দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকত আলোরকোল। দেশ-বিদেশের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছিল এই আয়োজন।
তবে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাসমেলার আয়োজন বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালে করোনা মহামারির সময়ও আয়োজন সীমিত থাকে। পরবর্তী সময়ে সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বনের ওপর মানুষের চাপ কমানো এবং রাসমেলাকে কেন্দ্র করে সম্ভাব্য অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনায় মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী রাসমেলা। তবে ধর্মীয় ঐতিহ্য বজায় রাখতে সীমিত পরিসরে পূজা ও পুণ্যস্নানের অনুমতি দিয়ে আসছে বন বিভাগ।
এবারের রাসপূজায় অংশগ্রহণের ক্ষেত্রেও থাকছে কঠোর বিধিনিষেধ। শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ বন বিভাগের কাছে আবেদন করতে হবে। প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই করা হবে। তবে মেডিকেল টিমের সদস্য ও অনুমোদিত সংবাদকর্মীরা এ বিধিনিষেধের বাইরে থাকবেন।
পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। এর মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী এবং বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চরে পৌঁছানো যাবে।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, পুণ্যার্থীবাহী নৌযানগুলো বন বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত পথে দিনের বেলায় একযোগে যাতায়াত করবে। কেউ বিচ্ছিন্নভাবে সুন্দরবনে প্রবেশ বা বের হতে পারবেন না। নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার কিংবা নৌকা থামানো যাবে না। নির্ধারিত পথ ও স্থান ছাড়া বনের কোনো নদী বা খালে অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখা এবং অপচনশীল বর্জ্য নির্দিষ্ট স্থানে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল কিংবা করাতের মতো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাসপূজায় শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। পাশাপাশি নির্ধারিত পাঁচটি নৌপথ ও বন বিভাগের অন্যান্য নির্দেশনা মেনেই পুণ্যার্থীদের যাতায়াত করতে হবে।
প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই ধর্মীয় ঐতিহ্য আজও টিকে আছে। তবে সময়ের সঙ্গে হারিয়ে গেছে রাসমেলার সেই বর্ণিল আয়োজন। নেই হাজারো মানুষের মিলনমেলা, নেই আগের মতো উৎসবের আমেজ। এখন কেবল পূজা আর পুণ্যস্নানের মধ্যেই সীমাবদ্ধ দুবলার চরের রাসপূর্ণিমা। ধর্মীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণই এখন বন বিভাগের প্রধান লক্ষ্য।
পড়ুন : পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় পাঁচ শতাধিক মানুষ
সা/


