সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে ‘দক্ষ ও সেরা চালক’ নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছেন বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশত পেশাদার চালক। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ধামরাই পৌর এলাকার আব্দুস সোবহান মডেল স্কুলের হলরুমে এ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনা ঘটলেই অনেক ক্ষেত্রে চালকদের দায়িত্ব ও দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু একজন চালকের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও ভালো কাজের যথাযথ মূল্যায়ন কতটা হয়, সে বিষয়টি অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। এমন বাস্তবতায় চালকদের শুধু দোষারোপ না করে তাঁদের দক্ষতা যাচাই, ইতিবাচক কাজের স্বীকৃতি এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করে সংগঠনটি।
আয়োজকরা জানান, নির্বাচনী পরীক্ষায় প্রথমে অংশগ্রহণকারী অর্ধশত চালকের লিখিত পরীক্ষা নেওয়া হয়। সেখান থেকে সর্বোচ্চ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে আটজনকে বাছাই করা হয়। পরে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে সেরা তিনজন চালক নির্বাচিত হন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নিসচা ধামরাই উপজেলা শাখার পৃষ্ঠপোষকমণ্ডলীর সদস্য ও আলাদিনস হসপিটালের স্বত্বাধিকারী ডা. মেহজাবিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া বলেন, একজন চালকের হাতে শুধু একটি গাড়ির নিয়ন্ত্রণ থাকে না, তাঁর সঙ্গে বহু মানুষের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতার বিকাশ অত্যন্ত জরুরি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ, মূল্যায়ন এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এবারের আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিল ধামরাইয়ের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত পেশাদার চালকদের অংশগ্রহণ। এর মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থায় নিরাপদ ড্রাইভিংয়ের চর্চা বাড়ানো এবং দায়িত্বশীল চালকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনের উপস্থাপনা করেন মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশ। তিনি বলেন, চালকদের ভুলের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি তাঁদের ভালো কাজ, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিও জরুরি। চালকদের কেবল দোষারোপ না করে দক্ষ পেশাজীবী হিসেবে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তোলাও সড়ক নিরাপত্তার অংশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জুলহাস শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ চালকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা এবং নিরাপদ ড্রাইভিংয়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় পাঁচ শতাধিক মানুষ
সা/


