ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরাফাত মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাত সারের বস্তা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেব গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় শহরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


