গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো এই অভিযানে ককটেল, মাদকদ্রব্য ও পেট্রোলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ৭৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন এবং গুলশান বিভাগে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। এর পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে চারটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


