মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন ও কাজের আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা মানুষদের টেকনাফে আটকে রেখে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করার ঘটনা ঘটেছে। একটি ট্রলারে বন্দি থাকা ৭২ জনের প্রত্যেকের কাছে অস্ত্রের মুখে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে দালালচক্র। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তোলেন এবং দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছালে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষসহ মোট ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তাঁদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দিয়েছে দালালচক্র।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, বাড়ি থেকে ডেকে নেওয়া, কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর কথা বলে টেকনাফের বিভিন্ন স্থানে আটকে রেখে পরে ছোট নৌকায় করে তাঁদের গভীর সমুদ্রের বড় ট্রলারে তোলা হয়।
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে পরিচিত এক ব্যক্তির কাছে বেড়াতে গিয়ে তিনি মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েন। তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে লাঠি, দা ও অস্ত্রের পাহারায় একটি ঘরে আট-নয় দিন আটকে রাখা হয়। পরে এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রের বড় ট্রলারে নেওয়া হয়। প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন রেখে দিনে দুই বেলা সামান্য খাবার দিয়ে প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়।
একইভাবে চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, জমি মাপজোখের কাজের হিসাব করার কথা বলে একটি বাসায় ডেকে নিয়ে চাকু দেখিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং সুপারি বাগানের ভেতরের একটি ভবনে প্রায় সাত দিন না খাইয়ে আটকে রাখা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত মুক্তার হোসেন জানান, এক বন্ধুর মাধ্যমে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাবে কক্সবাজারে এলে তাঁকে একটি কক্ষে বন্দি করে রাখা হয়, যেখানে আরও অনেককে আটক অবস্থায় দেখেন তিনি।
রিদুয়ান ও টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয় এবং দালালচক্রের অতিরিক্ত নির্যাতনের প্রতিবাদ জানালে যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে গেলে (দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যায় বলে দাবি ইলিয়াছের) কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে থাকা মোট ৭২ জনের মধ্যে সাতজনকে সাগরে ফেলে দেয় দালালচক্র। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে ভুক্তভোগীরা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান এবং পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে বসিয়ে রাখেন।
সাগরে বন্দি রাখার পাশাপাশি অপহৃতদের পরিবারকেও ফোন করে মুক্তিপণের জন্য চাপ ও হত্যার হুমকি দেওয়া হয়। উদ্ধারের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসা উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম জানান, ১০ দিন নিখোঁজ থাকার পর এক অজ্ঞাত নম্বর থেকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে তাঁর ছেলেকে মারধর করে বেঁধে রাখার কথা শোনানো হয়। ফোনের অপর প্রান্ত থেকে ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করে দেড় ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় এবং টাকা না দিলে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের অভিযোগ করেন, দোকানে যাওয়ার কথা বলে বের হওয়া তাঁর ছেলেকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়; এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে পরিচিতজন বা দালালের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষ অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তাঁরা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রেখে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা
সা/


