দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ দিতে আগামীকাল রোববার (২২ নভেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানের উদ্যোক্তাই নারী। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি ও হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের শতভাগ দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। তাঁর ভাষায়, “বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।”
মেলায় পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সরাসরি ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগের আয়োজন থাকবে; যেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে উদ্যোক্তারা ঋণের তথ্য জানতে এবং সমঝোতা হলে মেলাতেই আবেদন করতে পারবেন। এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন ও বাজার সম্প্রসারণ নিয়ে তিনটি সেমিনার এবং একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
জিডিপিতে এসএমই খাতের বর্তমান ৩৩ শতাংশ অবদান থাকলেও ঋণ সংকট ও করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্যে ক্ষুদ্র উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার মুখে রয়েছেন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিটি জায়গায় যদি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানকে নিয়ে আসা হয়, তাহলে বাদবাকি মানুষগুলো কীভাবে বাঁচবে—তাই আগামী দিনে পার্থক্য তৈরি করতে বাজারে প্রচলিত ১৩-১৪ শতাংশ সুদের বদলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তা ৬-৭ শতাংশে নামিয়ে আনা হচ্ছে।
নতুন ব্যাংক খোলা না হলেও বিদ্যমান অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনে জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানো হবে এবং উদ্যোক্তারা যাতে ব্যাংকেবল হয়ে ক্রেডিট লিমিট সুবিধা নিতে পারেন, তা সহজ করতে এসএমই বোর্ডকেই ওভারহল করা হচ্ছে।
এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী প্রতিযোগিতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এসএমই খাত এখন জিডিপির যে শতাংশ শেয়ার করে, তাদের কন্ট্রিবিউশন, এটাতে আমরা সন্তুষ্ট না। অর্থনীতির পুরোপুরি বিকাশ এবং আয়বৈষম্য যাতে না বাড়ে, অর্থনীতির মধ্যে সার্কুলেশন যেন প্রপার হয়, এজন্য একটা আইডিয়াল মানদণ্ড হল, টার্গেট হল জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ।”
তিনি আরও বলেন, “এই খাতের উদ্যোক্তারা যদি বেশি সক্রিয় হন, জিডিপিতে তাদের শেয়ার বেশি থাকে, তাহলে এই সুফলটা সরাসরি একদম তৃণমূল পর্যায়ে পৌঁছায় এবং আত্মকর্মসংস্থানকারী লোকের সংখ্যা, শুধুমাত্র কর্মে নিযুক্ত লোকের সংখ্যাই নয়, আত্মকর্মসংস্থাকারী লোকের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়।”
এসএমই খাতে বৈচিত্র্য ও প্রযুক্তিগত সহযোগিতা আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আগামী দিনে আমরা চেষ্টা করব সিএমএসএম খাতের সাউথ কোরিয়ান, চাইনিজ প্রতিষ্ঠানগুলোকে আমাদের এসএমই সাথে সম্পৃক্ত করতে এবং আমাদের উদ্যোক্তা তৈরি এবং রপ্তানির বৈচিত্র আনতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে।”
দেশের সামগ্রিক রপ্তানি পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, সামগ্রিক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮৮ শতাংশ। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি ভ্যালু অ্যাডিশন হয়েছে ৯৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ১ বিলিয়ন ডলার। পোশাক খাতে সাম্প্রতিক কিছুদিন কাজ ব্যাহত হলেও এই ধারাবাহিকতা বজায় থাকলে বছর শেষে রপ্তানি গত অর্থবছরের তুলনায় ৩ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
পড়ুন : বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই: মীর শাহে আলম
সা/


