রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি শুরু হয়।
ঘটনার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির আওয়াজ শুনতে পাই। তবে শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছে, তাঁদের সঙ্গে কারও গোলাগুলির ঘটনা ঘটেনি। সূত্রটি জানায়, সাজেক এলাকায় কোথাও কোনো গোলাগুলির খবর আমরা পাইনি। আমাদের কোনো দল মাচালং এলাকায় নেই। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পড়ুন : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ
সা/


