বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে এ দেশের স্বাধীনতা আসেনি। ফলে দেশকে আর কখনো কারো পৈত্রিক সম্পত্তি বা ‘আমিত্বের’ দেশ বানাতে দেওয়া হবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণার আলোকে হাজং, গারো, হিন্দু, মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এ উৎসবের আয়োজন করে।
আগস্টের রক্তক্ষয়ী সময়ের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, মাত্র এক-দেড় মাসেই এক হাজার চারশো শিশু-কিশোর ও যুবক-যুবতীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক তেমনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের প্রতিটি নাগরিক অতন্ত্র প্রহরীর মতো দেশকে রক্ষা করবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়; যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না, তারা অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে তিনি বলেন, বীরের জাতি কখনো মাথা নত করে না। যারা এখনো বিপথে আছেন, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
হাজং সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন নীতির কারণে অতীতে হাজং সম্প্রদায় নিপীড়িত ও সংকুচিত হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত বা নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না। তিনি জানান, বিরোধী দলে থাকা অবস্থায় তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন- যেখানে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান নাগরিক অধিকার নিশ্চিত হবে এবং হাজং-গারোদের হৃত গৌরব পুনরুদ্ধার ও শত বছরের ঐতিহ্য আরও সমৃদ্ধ করা হবে। ২০০৯ সালের শেষের দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ যুক্ত করার প্রতিবাদে শহীদ মিনারে আদিবাসী সংগঠনের সভায় নিজে অংশ নেওয়ার কথা স্মরণ করে তিনি হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখার সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।
টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রামী নেতৃত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এই জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হলেও কখনো মাথা নোয়ায়নি। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজংয়ের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, স্থানীয়ভাবে চাকরি-বাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারোদের বিষয়টি সদয়ভাবে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের শত বছরের অবদানের কিছুটা হলেও মূল্যায়ন হবে।
হারিয়ে যেতে বসা হাজং ভাষা সংরক্ষণের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের নিয়ে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মুলা হাজং’ নামে বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মায়ের সঙ্গে মন্দিরে আসা শিশুদের হাতে-কলমে মাতৃভাষা শেখাতে মন্দির ভিত্তিক হাজং ভাষা শিক্ষা চালুর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
শৈশব থেকেই গারো ও হাজংদের সঙ্গে নিজের পারিবারিক সখ্যতার স্মৃতিচারণ করে তিনি বলেন, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের মতোই জাতিগত ও ধর্মীয় পরিচয় আলাদা হলেও কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে। গারো, হাজং, হিন্দু ও মুসলমানদের এই জনপদকে একটি বাগান এবং নিজেকে সেই বাগানের ‘মালি’ উল্লেখ করে সবার সমান অধিকারের আদর্শ এলাকা গড়ে তোলা এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং। উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে হাজং সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


