বায়োজেনের দুই ওষুধের মান নিয়ে প্রশ্ন, দুদকে অভিযোগ

বিজ্ঞাপন

জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার নির্দেশনার পরও মানহীন ওষুধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন অভিযোগ উঠেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের বিরুদ্ধে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযোগের সূত্র অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (এনডিসিএল), মহাখালী, ঢাকায় বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত Maxcoral-DX Tablet ও Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষার প্রতিবেদনে ওষুধ দুটির নির্দিষ্ট ব্যাচে ভিটামিন-ডি৩-এর পরিমাণ নির্ধারিত মানের চেয়ে কম পাওয়া যায়।

পরীক্ষাগারের প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর 5K17274 নম্বর ব্যাচে প্রতি ট্যাবলেটে ভিটামিন-ডি৩ থাকার কথা ৪০০ আইইউ। পরীক্ষায় পাওয়া গেছে ২৭৩ দশমিক ৮১ আইইউ, যা ঘোষিত পরিমাণের তুলনায় প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে Maxcoral-D Tablet-এর 5K12276 নম্বর ব্যাচে ২০০ আইইউ থাকার কথা থাকলেও পাওয়া গেছে ১৩৫ দশমিক ৫২ আইইউ, অর্থাৎ প্রায় ৩২ দশমিক ২ শতাংশ কম। প্রতিবেদনে নমুনা দুটিকে নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা করার উদ্যোগ নেওয়ার নির্দেশনাও ছিল বলে দাবি করা হয়েছে।

তবে অভিযোগকারীর দাবি, ওই নির্দেশনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা কার্যকর হয়নি। মামলা দায়েরের বিষয়টি দীর্ঘদিন ঝুলে রয়েছে। নিবন্ধন স্থগিতের পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধভাবে ওষুধ সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় সরকারি পরীক্ষাগারে মানের ঘাটতি শনাক্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যাচের ওষুধ বাজার থেকে প্রত্যাহার, জব্দ এবং মামলা দায়েরের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগে মোহা. আলমগীর হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম এবং কোম্পানিটির সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি

দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া আবেদনে সংশ্লিষ্ট দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা দায়ের না হওয়ার কারণ অনুসন্ধান, সম্ভাব্য আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বায়োজেন ফার্মাসিউটিক্যালসের বক্তব্যও এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন