ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা সেবা পেল দুই হাজার রোগী, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ পৌঁছে দিতে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মরহুম ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় ঈদগাহ ময়দানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ বিনা খরচে চিকিৎসকের পরামর্শ ও ঔষধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ক্যাম্পে আগত রোগীদের জন্য গাইনি, মেডিসিন, শিশু, চর্মরোগ, হৃদরোগ, ডেন্টাল, চক্ষু, অর্থোপেডিক এবং নাক-কান-গলা—এই নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। প্রতিটি বিভাগের চিকিৎসকেরা রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন এবং জটিল রোগীদের ক্ষেত্রে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি ক্যাম্পে রোগীদের ব্লাডগ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিক টেস্টের ব্যবস্থা রাখা হয়। অনেক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের রক্তের গ্রুপ বা ডায়াবেটিসের অবস্থা সম্পর্কে জানতেন না; এই উদ্যোগের ফলে তারা সহজেই প্রাথমিক পরীক্ষাগুলো করিয়ে নিতে পেরেছেন। পরীক্ষা শেষে রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।

অন্যদিকে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ ও সাহেদা আক্তার বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ও ঔষধের বাড়তি খরচের কারণে অনেক পরিবারের পক্ষে নিয়মিত ডাক্তার দেখানো বা পরীক্ষা করানো কঠিন হয়ে পড়ে। হাতের কাছে এমন একটি আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাতে পেরে এবং ঔষধ হাতে পেয়ে তারা গভীর কৃতজ্ঞতা জানান।

মরহুম ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশন সভাপতি ডা. এবি. এম মুছা চৌধুরী ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই সেবামূলক আয়োজনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং উভয় প্রতিষ্ঠানের সদস্যদের আন্তরিক সহযোগিতায় পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন