সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২১ নভেম্বর রাতে গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইমতিয়াজ আহমেদ কাজলের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের অভিযোগের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি তাকে জেলা কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
দলীয় সূত্রে ও প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইমতিয়াজ আহমেদ কাজলের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে। মূলত এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।
পড়ুন : ধামরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আহত


