বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় আলো নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। এ সময় নবীনদের মধ্যে নতুন উদ্দীপনা এবং বিদায়ীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় আলো নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ভবন ‘আলো ভবনের’ পঞ্চম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আলো নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো নার্সিং ইনস্টিটিউটের পরিচালক গাজী মাহাবুব রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো নার্সিং ইনস্টিটিউটের সহ-পরিচালক এম. এস. মুনীর টুটুল, ডা. লিজা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছা. আসমা খাতুন, সাফিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বিথীকা বাড়ৈ, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জহুরা খাতুন এবং আরপিটিআই কুষ্টিয়ার ফিল্ড ট্রেনার মাহিদা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য, নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
তাঁরা বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানুষের সেবা ও মানবিক দায়িত্ব পালনের অন্যতম মাধ্যম। দক্ষতার পাশাপাশি সহমর্মিতা, ধৈর্য ও আন্তরিকতা একজন নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। তাই শিক্ষাজীবন থেকেই নিজেদের যোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
আলো নার্সিং ইনস্টিটিউটের পরিচালক গাজী মাহাবুব রহমান বলেন, নবীন শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও মানবিক নার্স হিসেবে গড়ে তুলতে হবে। আর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করতে হবে। নার্সিং শুধু পেশা নয়, এটি মানবসেবার মহান দায়িত্ব। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের কর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য পর্ব শেষে দুপুর ২টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল


