নতুন কাপড়ের পেছনে মা-বাবার পুরোনো কাপড়ের ত্যাগ মনে রেখো: ডেপুটি স্পিকার

মঞ্চের ওপর তখন উজ্জ্বল হাসি। ছোট্ট এক শিশু সদ্য হাতে পাওয়া সনদপত্র বুকে ধরে দাঁড়িয়ে, আরেক কিশোরীর হাতে শোভা পাচ্ছে বিজয়ের ক্রেস্ট। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উপজেলা পরিষদ হলরুম জুড়ে তখন নজরুল বর্ষের সাংস্কৃতিক আবহ আর কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। গতানুগতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চেনা ছক ভেঙে সেই বিকেলটি মুহূর্তেই পরিণত হলো জীবনবোধ, মানবিকতা আর নতুন বাংলাদেশের গভীর এক পাঠশালায়।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বিবেককে নাড়া দিয়ে গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের অভিনন্দন ও যারা এবার পুরস্কার পায়নি তাদের ভবিষ্যতের জন্য উৎসাহিত করে ব্যারিস্টার কায়সার কামাল সরাসরি কথা বলেন কিশোর-কিশোরীদের হৃদয়ের ভাষায়। কলমাকান্দার মতো অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চলের বাস্তবতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন মা-বাবার নীরব আত্মত্যাগের কথা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তুমি যে সুন্দর চকচকে কাপড়টা পরছো, তোমার মা অথবা বাবা হয়তো একটা পুরোনো কাপড় পরছেন। তাদের সেই পুরোনো কাপড়ের বদৌলতেই তোমরা নতুন চকচকে কাপড় পাচ্ছো।” মা-বাবার ত্যাগ আর শিক্ষকদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী নয়, বরং ‘মানুষের মতো মানুষ’ হয়ে উঠবে।

কেবল উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় না, সমাজের রূঢ় বৈপরীত্য তুলে ধরে তা স্পষ্ট করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সমাজে এমন অনেক উচ্চশিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে দেশপ্রেম ও ঈমানের অভাব রয়েছে এবং যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তার ভাষায়, “কারও হয়তো অট্টালিকা আছে, কিন্তু পাশের বাড়ির আরেকজন না খেয়ে আছে। তার সন্তান বড় বড় গাড়ি হাঁকিয়ে স্কুলে যাচ্ছে, অথচ রাস্তার পাশে আরেকটা ছোট্ট শিশু অর্ধাহারে-অনাহারে পড়ে আছে। চাইলেই সহযোগিতা করা যেত, কিন্তু সমাজের অনেকেই তা করে না।”

একজন প্রকৃত সুনাগরিক হয়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস) এবং দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। দেশপ্রেমকে ‘ঈমানের অঙ্গ’ অভিহিত করে তিনি বলেন, দেশপ্রেম না থাকলে মানুষ কেবল নাগরিক সুবিধাই ভোগ করবে, দেশকে কিছু দিতে পারবে না।

শিশুদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বক্তব্যে আবেগঘন হয়ে ওঠেন ব্যারিস্টার কায়সার কামাল। অভিভাবক ও শিক্ষকদের প্রতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের মাঝে বুনে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্মরণ করেন জুলাই-আগস্টের রক্তাক্ত অধ্যায়। তিনি উল্লেখ করেন, জুলাই ও আগস্টে ১২-১৩ বছর বয়সী প্রায় ১৩ শতাংশ শিশুকে হত্যা করা হয়েছিল; ঘরে ঘুমিয়ে থাকা শিশুর বুকেও হেলিকপ্টার থেকে ছোড়া গুলি জানালার কাচ ভেদ করে বিদ্ধ হয়েছিল।

বাংলাদেশ যেন আর কখনো কোনো ‘অন্ধকারের জমানায়’ ফিরে না যায়- সেই প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেকেই তার অধিকার পাবে। সে গারো হোক, হাজং হোক, হিন্দু হোক কিংবা মুসলমান- প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক এবং নাগরিক মর্যাদা ভোগ করতে চাই।”

বক্তব্যের শেষভাগে শিক্ষকদের প্রতি সরাসরি ও স্পষ্ট বার্তা দেন ডেপুটি স্পিকার। তিনি অকপটে স্বীকার করেন, তার কথা অনেকের ভালো নাও লাগতে পারে, তবুও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই তা বলা জরুরি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কারও ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু স্কুলের গণ্ডিতে বা শিক্ষকের চেয়ারে বসার পর পরিচয় কেবল একজন শিক্ষক।

তার স্পষ্ট আহ্বান, “আপনার রাজনৈতিক মতাদর্শ মনের ভেতরে রাখুন এবং নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে দেখান। চেয়ারে বসে দয়া করে দলীয়করণ বা ক্ষমতা দেখাবেন না। সেই জমানায় আমরা আর নেই। চব্বিশের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ সাম্য ও মানবিকতার কথা বলে।”

বিগত দেড় দশকে দলীয় দৃষ্টিকোণ থেকে ছেঁকে ছেঁকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাউকে তো চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের টাকায় চলার দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়ে তিনি শিক্ষকদের নিজেদের বিবেককে প্রশ্ন করার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণ না করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার অনুরোধ জানান। পাশাপাশি সীমিত সাধ্যের মধ্যে কলমাকান্দার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন