খামারের বর্জ্য ফেলে মাছ নিধনের অভিযোগ, ১০ লাখ টাকা ক্ষতির মুখে দুই চাষি

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরের ভিটিপাড়া এলাকায় মুরগির খামারের বর্জ্য ও বিষ্ঠা ফেলায় পুকুরের পানি দূষিত হয়ে বারবার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে গত সাত মাসে চার দফায় মাছচাষিদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সর্বশেষ সোমবার সকালে পুকুরে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে ওঠায় নতুন করে আরও প্রায় চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুরের ভিটিপাড়া এলাকায় স্থানীয় জাহাঙ্গীরের মালিকানাধীন প্রায় ৯ বিঘা আয়তনের একটি পুকুর তিন বছরের জন্য সাড়ে সাত লাখ টাকায় লিজ নিয়ে মাছ চাষ করছেন খামশেদ আলী (খামশেদ শেখ) ও শিহাব উদ্দিন খোকন। সাত মাস আগে নতুন করে পুকুরটি লিজ নেওয়ার পর থেকেই এই সংকট দেখা দিয়েছে।

মাছচাষিদের ভাষ্যমতে, তাঁরা প্রায় ১৫ বছর ধরে ওই পুকুরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এর আগে কখনো মাছ মারা যাওয়ার এমন ঘটনা ঘটেনি। প্রায় আট মাস আগে পুকুরপাড়ে মুরগির খামার স্থাপন করা হয়। এরপর থেকেই খামারের বর্জ্যে পানির পরিবেশ নষ্ট হয়ে একের পর এক মাছ মারা যাচ্ছে। সোমবার সকালে শিহাব উদ্দিন খবর পেয়ে পুকুরে গিয়ে রুই, কাতলা, সিলভার কার্প ও তেলাপিয়াসহ শত শত মাছ মরে ভেসে থাকতে দেখেন।

সরেজমিনে পুকুরপাড়ের খামার এলাকা ঘুরে দেখা গেছে, বর্জ্য ও অপরিষ্কার আবর্জনা অপসারণের জন্য একাধিক পাইপ যুক্ত করা হয়েছে। এসব পাইপের মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পুকুরের পানিতে পড়ছে। এ ছাড়া পুকুরের পানিতে মরা মুরগি ও বিভিন্ন ধরনের আবর্জনাও ভাসতে দেখা যায়।

ক্ষোভ প্রকাশ করে মাছচাষি খামশেদ আলী বলেন, ‘বিষয়টি নিয়ে পুকুরমালিক জাহাঙ্গীরকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কথা বলতে গেলেই তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মারতে তেড়ে আসেন। প্রতিবারই ভবিষ্যতে বর্জ্য না ফেলার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান হয়নি।’

আরেক মাছচাষি শিহাব উদ্দিন খোকন বলেন, ‘১৫ বছরের অভিজ্ঞতায় আগে কখনো এমন সমস্যা হয়নি। নতুন লিজের সাত মাসে চারবার মাছ মারা গেল। আগের তিন দফায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে, আর এবারও ৪ থেকে ৫ লাখ টাকার মাছ নষ্ট হয়ে গেল। আমরা এই ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ ও ন্যায়বিচার চাই।’

তবে বর্জ্য ফেলার অভিযোগ অস্বীকার করেছেন পুকুরমালিক জাহাঙ্গীর। তাঁর দাবি, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। গত চার মাস ধরে পুকুরে বর্জ্য দেওয়া হয়নি। খামারের এক ফোঁটা পানিও পুকুরে যায় না, বরং বিষ্ঠা অন্যত্র বিক্রি করে দিই।’ যদিও সামান্য কিছু আবর্জনা পাইপ দিয়ে পুকুরে পড়ার কথা স্বীকার করেছেন তিনি।

এদিকে বারবার লোকসানের মুখে পড়ে চরম আর্থিক চাপে রয়েছেন লিজগ্রহীতা মাছচাষিরা। ভবিষ্যতে মাছ চাষ অব্যাহত রাখা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয় এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, রিমান্ডে ২ আসামি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন