মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক নারীরা হলেন—গাজিন্দা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার আড়ালে গাঁজার কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। রোববার রাতে তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা চার নারীকে চ্যালেঞ্জ করেন এবং তাঁদের কাছে থাকা মালামাল তল্লাশি করেন।
এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা চার নারীকে আটক করে উদ্ধার করা গাঁজাসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক চার নারীকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫


