চাঁদপুর শহরে ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন্নাহার হত্যা মামলার প্রধান আসামি ১৬ বছর বয়সী নাতি মো. সিয়াম প্রধানীয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন করে মামলা রুজুর মাত্র ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন জোড়পুকুর পাড় এলাকার সাকিনা নাজিরা কমপ্লেক্সের নাবিলা বিল্ডিংয়ের সপ্তম তলার উত্তর-পূর্ব পাশের একটি কক্ষে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যা করা হয়। তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের পিবিআই ও থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে ২১ নভেম্বর ২০২৬ তারিখে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮৩। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজুকৃত মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই (নিঃ) আওলাদ হোসেন রিকাবদারকে।
মামলার তদন্তভার গ্রহণের পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে।
তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের নাতি মো. সিয়াম প্রধানীয়াকে (১৬) শনাক্ত করা হয়। তার পিতা মো. হোসেন প্রধানীয়া। সে মুলসিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অর্থের প্রয়োজন দেখা দেয় সিয়ামের। জুয়ায় হেরে যাওয়া টাকা পরিশোধের জন্য সে নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন ও সময়ে সে কৌশলে নিহতের ভাড়া বাসায় প্রবেশ করে। পরে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল এবং ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি নিহতের নিজ বাসার সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয়। এছাড়া চাঁদপুর সদর মডেল থানাধীন ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নুরুল্লাপুর এলাকায় আসামি তার নিজ বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে নিহতের গলার স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কিশোর আসামি মো. সিয়াম প্রধানীয়াকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে সদর মডেল থানা পুলিশের তৎপরতার বিষয়টি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে বিএনপি নেতা মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


