হাওর ও সমতলঘেরা নেত্রকোনার অর্থনীতির চাকা আসলে কোথা থেকে ঘোরে? সাধারণ দৃষ্টিতে জেলা শহর বা বড় বাজারগুলোর কোলাহল চোখে পড়লেও পরিসংখ্যান বলছে ভিন্ন এক শক্তিশালী বাস্তবতার কথা। নেত্রকোনার অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি এখনো গ্রামীণ জনপদ এবং সেখানকার অসংখ্য ক্ষুদ্র ও পারিবারিক উদ্যোগ। সদ্য প্রকাশিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য বলছে, জেলায় ছড়িয়ে থাকা এক লাখ ২৫ হাজার ৩৯৩টি অর্থনৈতিক ইউনিটের তিন-চতুর্থাংশেরও বেশি অবস্থিত গ্রামে, আর পুরো জেলার অর্থনীতিকে সচল রেখেছে মূলত মাইক্রো ও কুটির শিল্প।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক সেমিনারে জেলার পূর্ণাঙ্গ অর্থনৈতিক মানচিত্র তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. জজ মিয়া।
শুমারির তথ্য বিশ্লেষণে দেখা যায়, নেত্রকোনার অর্থনৈতিক কাঠামোয় গ্রামীণ এলাকার অবস্থান অত্যন্ত সুদৃঢ়। জেলার মোট এক লাখ ২৫ হাজার ৩৯৩টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৯৫ হাজার ৭৭২টিই গ্রামীণ এলাকায়, যা মোট ইউনিটের ৭৬ দশমিক ৩৮ শতাংশ। বিপরীতে শহর এলাকায় রয়েছে ২৯ হাজার ৬২১টি ইউনিট, যা ২৩ দশমিক ৬২ শতাংশ।
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, জেলায় স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যাই সবচেয়ে বেশি- ৭৩ হাজার ৭১৯টি। এছাড়া পারিবারিক বা খানাভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমও কম নয়; অর্থনৈতিক খানা রয়েছে ৪৬ হাজার ২৯৬টি এবং অস্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ৩৭৮টি।
কর্মসংস্থানের চিত্রেও গ্রামের আধিপত্য স্পষ্ট। জেলার এসব অর্থনৈতিক ইউনিটে ২ লাখ ২৯ হাজার ৭৮৭ জন জনবল (টিপিই) নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৬৮ দশমিক ৯৮ শতাংশ অর্থাৎ ১ লাখ ৫৮ হাজার ৫০২ জনই কাজ করছেন গ্রামীণ এলাকায়। শহর এলাকায় কর্মরত আছেন ৭১ হাজার ২৮৫ জন, যা মোট জনবলের ৩১ দশমিক ০২ শতাংশ। খাতওয়ারি হিসাবে স্থায়ী প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার ৩৩৬ জন, অর্থনৈতিক খানায় ৫৮ হাজার ৮৮ জন এবং অস্থায়ী প্রতিষ্ঠানে ৬ হাজার ৩৬৩ জন মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে।
জাতীয় শিল্পনীতি ২০২২-এর মানদণ্ডে নেত্রকোনার শিল্পকাঠামো সাজালে দেখা যায়, বড় কারখানার চেয়ে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের হাতেই জেলার অর্থনীতির রাশ। সংখ্যার বিচারে জেলায় মাইক্রো ও কুটির শিল্পের একচ্ছত্র আধিপত্য রয়েছে- এই দুই খাত মিলিয়েই ইউনিটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৭৫টি, যা জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৯৭ শতাংশের বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, নেত্রকোনায় মাইক্রো শিল্প রয়েছে ৭৯ হাজার ৯১৫টি, যেখানে কাজ করছেন ১ লাখ ৩৫ হাজার ২৯৫ জন। এর পরই রয়েছে কুটির শিল্প- সংখ্যা ৪১ হাজার ৮৬০টি এবং এতে নিয়োজিত জনবল ৪৮ হাজার ৩৫৬ জন। অর্থাৎ জেলার কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশই তৈরি হয়েছে এই দুই খাত থেকে।
অন্যদিকে, জেলায় ক্ষুদ্র শিল্প রয়েছে ৩ হাজার ৪২০টি (জনবল ২৭ হাজার ১২৩ জন), মাঝারি শিল্প ১৬৩টি (জনবল ৮ হাজার ৮২৬ জন) এবং বৃহৎ শিল্পের সংখ্যা ৩৫টি (জনবল ১০ হাজার ১৮৭ জন)। সংখ্যায় কম হলেও বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করে জেলার শিল্পায়নের ভিত্তি তৈরি করে রেখেছে।
সেমিনারে জেলার তথ্যের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক বিস্তারের চিত্রও উঠে আসে। জানানো হয়, জাতীয় পর্যায়ে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টিতে। ২০১৩ সালের শুমারিতে সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ এক দশকের ব্যবধানে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ। জাতীয়ভাবে এসব প্রতিষ্ঠানে বর্তমানে ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন জনবল কর্মরত রয়েছেন।
অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুশৃঙ্খল তথ্যকাঠামোর আওতায় আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়ন করছে ‘বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ কার্যক্রম। সেমিনারে জানানো হয়, প্রথম পর্যায়ে দেশের ৪৫ হাজার ৩৯৮টি বৃহৎ ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে নিয়মিত হালনাগাদকৃত ও কাঠামোবদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ফলে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুকশেদুল হক। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শুমারির নির্ভরযোগ্য তথ্য ও বিএসবিআর ডাটাবেজ স্থানীয় পর্যায়ে তথ্যের ব্যবহার বাড়াবে। একই সঙ্গে নেত্রকোনার সম্ভাবনাময় খাতগুলোতে নতুন বিনিয়োগ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
পড়ুন : সিরাজগঞ্জে বিএনপি নেতা মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


